২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকের খোঁজে বাড়িতে হানা, না পেয়ে আত্মীয়কে মারল তালেবান

আফগানিস্তানে তালেবান যোদ্ধারা ডয়েচে ভেলের এক সাংবাদিকের খোঁজে বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার পরিবারের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2021, 04:15 PM

Updated : 07 Apr 2022, 11:31 PM

শুক্রবার জার্মান সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে।

ওই সাংবাদিক এখন জার্মানিতে আছেন। তার খোঁজে তালেবান সদস্যরা বাড়ি-বাড়ি তল্লাশি চালায় বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে ডয়েচে ভেলে।

ঘটনার বিস্তারিত না জানিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, তালেবান যোদ্ধাদের হামলায় ওই সাংবাদিকের আরেক আত্মীয়ও গুরুতর আহত হয়েছেন, তবে বাকি আত্মীয়রা পালাতে পেরেছিলেন।

এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন ডয়েচে ভেলের মহাপরিচালক পিটার লিমবুর্গ।

আফগানিস্তানে গণমাধ্যম কর্মী ও তাদের পরিবারের সদস্যরা যে কতটা বিপদের মুখে রয়েছে, তা এ ঘটনাতেই বোঝা যাচ্ছে বলে তিনি মন্তব্যও করেছেন।

“সাংবাদিকদের খোঁজে তারা (তালেবান) যে কাবুল ও অন্যান্য প্রদেশে পরিকল্পিতভাবে তল্লাশি চালাচ্ছে, এ ঘটনাতেই তা স্পষ্ট। আমাদের হাতে সময় কম,” বলেছেন তিনি।

তালেবানরা ডয়েচে ভেলের আরও অন্তত ৩ সংবাদকর্মীর বাড়িতেও হানা দিয়েছে বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যমটি।

আফগানিস্তানে কাজ করা জার্মান গণমাধ্যমগুলোর আফগান কর্মীদের সাহায্যে দ্রুত ব্যবস্থা নিতে জার্মানির সরকারের প্রতি দেশটির বিভিন্ন গণমাধ্যম আহ্বান জানিয়েছে।

রোববার কাবুল দখলের পর থেকে তালেবান নিজেদেরকে আগের তুলনায় ‘অনেক বেশি উদার’ দেখাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পুরনো শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেছে।

মুখে এমনটা বললেও কট্টরপন্থি এ ইসলামী গোষ্ঠীটি ভেতরে ভেতরে যুক্তরাষ্ট্র ও নেটো বাহিনীর সহযোগীদের খোঁজে তল্লাশির মাত্রা বাড়িয়েছে বলে জাতিসংঘের এক গোপন নথিতে বলা হয়েছে; ফ্রান্সভিত্তিক একটি বার্তা সংস্থা গোপন ওই নথিটি দেখার দাবি করেছে।

আফগানিস্তানে গত কয়েকদিনে বেশ কয়েকজন সাংবাদিক খুন হয়েছেস; তাদের মধ্যে একটি রেডিও স্টেশনের প্রধান তুফান ওমরও আছেন। তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দুইজন অনুবাদককেও হত্যার খবর পাওয়া গেছে। তারা জার্মানির একটি খবরের কাগজে নিয়মিত লিখতেন।

মাসখানেক আগে তালেবান হামলায় পুলিৎজার জয়ী ভারতীয় ফটো সংবাদিক দানিশ সিদ্দিকিও নিহত হয়েছিলেন।