কোভিড সংক্রমণের বিস্তারে মিয়ানমারে অক্সিজেন সঙ্কট
মিয়ানমারে কোভিড-১৯ সংক্রমণের ঢেউ রেকর্ড পর্যায়ে চলে যাওয়ায় জরুরি চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সরবরাহে ঘাটতি দেখা দিয়েছেI
প্রিয়জনদেরকে বাঁচাতে মরিয়া অধিবাসীরা অক্সিজেন পেতে হিমশিম খাচ্ছে। মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াংগনে অক্সিজেন সিলিন্ডার ভরতে অধিবাসীদের লম্বা লাইন দেখা গেছে সামাজি যোগাযোগমাধ্যমে।
অক্সিজেন সংকটের কারণে বাবা মারা যাওয়ার কথা জানিয়েছেন এক অধিবাসী। সঙ্কটের কারণে কেউ কেউ ওয়েল্ডিং শিল্প কারখানা থেকে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করছে বলে জানান আরেকজন।
কোভিড-১৯ রোগীদের ফোনে চিকিৎসা সেবা দেওয়া এক চিকিৎসক বলেছেন, সময়মত অক্সিজেন না পেয়ে মিয়ানমার জুড়ে বহু মানুষ মারা যাচ্ছে বলে তিনি জানতে পেরেছেন।
সঙ্কট সামাল দিতে সোমবার অক্সিজেন সরবরাহ বাড়ানোর অঙ্গীকার করেছে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ। সেনা মুখপাত্র জ মিন তুন এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, সামরিক কর্তৃপক্ষ দেশজুড়ে ১৪ টি স্থানে সামরিক হাসপাতালগুলোতে কোভিড-১৯ চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
মিয়ানমার করোনাভাইরাস সংক্রমণের সবচেয়ে মারাত্মক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। রোববার দেশটিতে নতুন শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৬১ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২, ২১৩ জনে। আর মৃতের সংখ্যা ৮২ থেকে বেড়ে হয়েছে ৩ হাজার ৮৩৮ জন।
করোনাভাইরাস পরীক্ষা ঠিকঠাকমতো না হওয়ায় মিয়ানমারে কোভিড আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে জানিয়েছেন কয়েকজন বিশেষজ্ঞ।
