বেটা ধরনের জন্য অ্যাস্ট্রাজেনেকার নতুন ট্রায়াল শুরু
দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের বেটা ধরন মোকাবেলায় টিকার নতুন ক্লিনিকাল ট্রায়ালে যাচ্ছে অ্যাস্ট্রজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
যুক্তরাজ্য, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ডের দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক এই ট্রায়ালে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।
দুই ডোজ টিকাই যারা নিয়েছেন তাদেরকে বেটা মোকাবেলায় কোভিড টিকার বুস্টার ডোজ দিয়ে পরীক্ষা করা হবে। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার অন্তত তিনমাস পর দেওয়া হবে বুস্টার ডোজ এজেডডি২৮১৬।
আর যারা টিকা নেননি তাদেরকে এজেডডি২৮১৬ ডোজই দুইবার দেওয়া হবে ৪ থেকে ১২ সপ্তাহের ব্যবধানে, অথবা যারা অ্যাস্ট্রাজেনেকার একডোজ টিকা নিয়েছেন তাদেরকে ২য় ডোজ হিসাবে ৪ সপ্তাহের ব্যবধানে এজেডডি২৮১৬ ডোজ দেওয়া হবে।
অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের পরিচালক ও অক্সফোর্ড টিকা ট্রায়ালের প্রধান অবেক্ষক অ্যান্ড্রিউ পোলার্ড বিবিসি-কে বলেন, গবেষণাটি করোনাভাইরাসের ধরন মোকাবেলায় টিকা তৈরির প্রক্রিয়া পরীক্ষা করার জন্য বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছে।
অ্যান্ড্রিউ আরও বলেন, বর্তমান টিকা ডেল্টা ধরন মোকাবেলায় ভাল সুরক্ষা দিচ্ছে বলেই দেখা যাচ্ছে। তাই ডেল্টার জন্য নতুন করে টিকা তৈরির ‘তাৎক্ষণিক কোনও প্রয়োজন’ নেই, বরং এই টিকা বেটা ধরনসহ করোনাভাইরাসের ভবিষ্যৎ ধরণগুলোর জন্যই প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি।
