করোনাভাইরাসের ভারতে শনাক্ত ধরনের উপরও টিকা সমানভাবে কার্যকর: যুক্তরাজ্য
কোভিড-১৯ টিকার দুই ডোজ করোনাভাইরাসের যুক্তরাজ্যে শনাক্ত ধরনের উপর যতটা কার্যকর, ভারতে শনাক্ত ধরনের উপরও প্রায় ততটাই কার্যকর বলে জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা।
শনিবার স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, নতুন এক গবেষণা প্রতিবেদনে পাওয়া এ তথ্য অত্যন্ত আশাব্যাঞ্জক।
তিনি বলেন, ‘‘এর ফলে আমি দিন দিন আরো আশাবাদী হয়ে উঠছি। আশাকরি যুক্তরাজ্য সরকার আগামী মাসে কোভিড-১৯ সংক্রমণের বিস্তার রোধে দেশে আরোপ করা আরো অনেক বিধিনিষেধ তুলে নিতে সক্ষম হবে।”
পাবলিক হেল্থ ইংল্যান্ড (পিএইচই) পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে, ফাইজার-বায়োএনটেকের টিকার দুই ডোজ করোনাভাইরাসের বি.১.৬১৭.২ ধরনের উপর ৮৮ শতাংশ কার্যকর। টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের দুই সপ্তাহ পর মানবদেহে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠে। করোনাভাইরাসের নতুন এই ধরনটি প্রথম ভারতে শনাক্ত হওয়ায় এটি ‘ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট’ নামেও পরিচিত। যদিও ভারত সরকার ‘ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট’ লেখার উপর প্রবল আপত্তি জানিয়েছে। করোনাভাইাসের এই ধরনটি মূল ভাইরাস থেকে অনেক বেশি সংক্রামক। মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে ভারতের যে নাজেহাল অবস্থা তার জন্য ভাইরাসের নতুন এই ধরনটিকেই দায়ী করা হচ্ছে।
ভারতীয় ধরনটি প্রায় দুই ডজন দেশে পৌঁছেছে; এটার তিনটি ‘সাব টাইপ’র মধ্যে একটি বাংলাদেশেও শনাক্ত হয়েছে।
ফাইজার-বায়োএনটেকের টিকা করোনাভাইরাসের বি.১.১.৭ ধরনের উপর ৯৩ শতাংশ কার্যকর। এই ধরনটি প্রথম যুক্তরাজ্যে শনাক্ত হওয়ায় ‘ব্রিটিশ ভ্যারিয়েন্ট’ নামে পরিচিত।
ওই গবেষণায় আরো বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা ভারতে শনাক্ত ধরনের উপর ৬০ শতাংশ এবং যুক্তরাজ্যে শনাক্ত ধরনের উপর ৬৬ শতাংশ কার্যকর।
স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক বলেন, ‘‘দিন দিন আমার আত্মবিশ্বাস বাড়ছে, আমরা পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছি। কারণ, টিকার যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে দুই ডোজ গ্রহণের পর ভারতে শনাক্ত হওয়ার ধরনের উপরও তা প্রায় সমানভাবে কার্যকর।”
যুক্তরাজ্য সরকার আগামী ২১ জুন থেকে দেশজুড়ে করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে আরোপ করা সব বিধিনিষেধ তুলে নিতে চাইছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যই এখন পর্যন্ত সবথেকে দ্রুত গণ টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে দেশটির জন্য করোনাভাইরাসের অতি সংক্রামক ‘ভারতীয় ধরনটি’ মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে।
শনিবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, গত সাত দিনে যুক্তরাজ্যে কোভিড সংক্রমণ ১০ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ মাসেই প্রধানমন্ত্রী বরিস জনসন ৫০ ঊর্ধ্বদের এবং যারা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন তাদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার গতি বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
পিএইচই-র গবেষণা অনুযায়ী, টিকার প্রথম ডোজ করোনাভাইরাসের ভারতীয় ধরনের উপর ৩৩ শতাংশ কার্যকর। টিকা দেওয়ার তিন সপ্তাহ পর মানবদেহে ওই পরিমাণ প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠে। যুক্তরাজ্যের ধরনের উপর তা প্রায় ৫০ শতাংশ কার্যকর।
হ্যানকক বলেন, এই গবেষণা প্রতিবেদন থেকেই বোঝা যাচ্ছে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ ‘কতটা গুরুত্বপূর্ণ’।
যুক্তরাজ্যে করোনাভাইরাসের ভারতে শনাক্ত ধরন ছড়িয়ে পড়তে শুরু করায় গত শুক্রবার জার্মান সরকার যুক্তরাজ্য থেকে তার দেশে যাওয়া ব্যক্তিদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে।
