মোগাদিশুতে আত্মঘাতী বোমা হামলায় ৬ পুলিশ কর্মকর্তা নিহত
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি পুলিশ স্টেশনের সামনে আত্মঘাতী এক হামলাকারী ছয় পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে।
রোববার রাতের এ ঘটনার জন্য জঙ্গি গোষ্ঠী আল শাবাবকে দায় দিয়েছে পুলিশ, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক সংবাদ সম্মেলনে সোমালিয়া পুলিশের মুখপাত্র মেজর সাদিক আদেন আলী দুদিশে বলেন, “ওই বিস্ফোরণে ওয়াবেরি অঞ্চলের পুলিশ কমান্ডারসহ ছয় পুলিশ কর্মকর্তা নিহত ও আরও ছয় জন আহত হয়েছেন।”
ওই আত্মঘাতী বোমা হামলাকারী আল শাবাবের হয়ে কাজ করেছে বলে তিনি জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে জঙ্গি গোষ্ঠীটির পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা কোনো বিবৃতি আসেনি।
সোমালিয়ার আন্তর্জাতিভাবে স্বীকৃত ও সমর্থনপুষ্ট সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে দেশটিতে তাদের নিজেদের ধরনের কঠোর ইসলামি শরিয়া আইন চালু করার লক্ষ্যে ২০০৮ থেকে লড়াই করে আসছে আল শাবাব।
তারা মোগাদিশুসহ সোমালিয়ার বিভিন্ন স্থানে নিয়মিত বন্দুক ও বোমা হামলা চালিয়ে আসছে।
