২০০০ বছরের পুরনো অন্তঃসত্ত্বা নারীর মমি খুঁজে পেল পোল্যান্ডের বিজ্ঞানীরা
এতদিন ধরে এক পুরুষ পুরোহিতের বলে ভেবে আসা একটি মিশরীয় মমি আসলে একজন অন্তঃসত্ত্বা নারীর, জানালেন পোল্যান্ডের বিজ্ঞানীদের একটি দল।
পোল্যান্ডের ওয়ারশ মমি প্রজেক্টের নৃবিজ্ঞানী মারজেনা ওজারেক সিলকে জাতীয় জাদুঘরে মমিটির সিটিস্ক্যান করার সময় লক্ষ্য করেন, তলপেটের দিকে ছোট একটি পায়ের মত কিছু একটা দেখা যাচ্ছে।
অবাক হয়ে তার স্বামীকে দেখালে তার প্রত্নতাত্ত্বিক স্বামী নিশ্চিত করেন, এটি আসলেই একটি ছোট পা, এমনটাই মারজেনা জানান বার্তা সংস্থা রয়টার্সকে।
ওয়ারশ বিশ্ববিদ্যালয় পুরাকীর্তির একটি সংগ্রহশালা তৈরি করার উদ্যোগ নেওয়ার পর ১৯ শতকে এই মমিটি প্রথম পোল্যান্ডে আসে। যুগ যুগ ধরে বিশ্বাস করা হত, মমিকৃত মানুষটি হোর-দেহুতি নামের একজন মিশরীয় পুরোহিতের।
মারজেনার এই উদ্ভাবনের পর গত বৃহস্পতিবার 'জার্নাল অব আর্কিওলজিকাল সায়েন্সে' নিশ্চিত করা হয় যে মমিটি একজন নারীর। তার বয়স ছিলো তিরিশের নিচে এবং তিনি ছিলেন ২৬ থেকে ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
তার মৃত্যুর কারণ পরিষ্কারভাবে বলা না গেলেও মারজেনা ধারণা করেন, মৃত্যুর সঙ্গে গর্ভাবস্থার কোন যোগসূত্র থাকতে পারে।
অন্তঃসত্ত্বা এই নারীকে মমি করার পেছনে শিশুর পুনর্জন্ম সম্পর্কিত তাৎপর্য থাকতে পারে বলে ধারণা করছেন ওয়ারশ মমি প্রজেক্টের সহপরিচালক ওয়াসিচ এসমন্ড।
এসমন্ড আরও জানান, এই উদঘাটনের পর মমিটির বিষয়ে আরও গবেষণা করবেন বিজ্ঞানীরা।
