ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত সৌদি যুবরাজের
বৈরিতা ভুলে ইরানের সঙ্গে ‘সুসম্পর্ক’ চান বলে জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
মঙ্গলবার রাতে টেলিভিশনে এক সাক্ষাৎকারে যুবরাজ মোহাম্মদ বলেন, ‘‘সৌদি আরব চায় না ইরানের সঙ্গে সম্পর্ক আরও জটিল করতে।”
“দিন শেষে ইরান আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা সব সময়ই তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার আশা করি।”
“ইরানের সঙ্গে আমাদের সমস্যা হয় তাদের নেতিবাচক আচরণের কারণে। তাদের পরমাণু প্রকল্প, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন এবং নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র বাহিনীকে সমর্থন দেওয়া নিয়েই আমাদের আপত্তি।”
‘এই সব সংকটের সামাধানের পথ খুঁজে বের করতে’ সৌদি আরব আঞ্চলিক এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে একজোট হয়ে কাজ করছে বলেও জানান বিন সালমান।
বিবিসি জানায়, সম্পর্ক ঠিকঠাক করতে সম্প্রতি সৌদি আরব ও ইরানের শীর্ষ কর্মকর্তারা ইরাকে গোপন বৈঠক করেছেন। সম্প্রতি এমন একটি খবর প্রকাশের দিন কয়েক পরই ইরানের সঙ্গে ‘সুসম্পর্ক’ গড়ার আগ্রহের কথা জানালেন সৌদি যুবরাজ।
যদিও সৌদি আরব কর্তৃপক্ষ ইরানের কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকের খবর অস্বীকার করেছে। তবে ইরানি কর্তৃপক্ষ বৈঠকের খবর অস্বীকার করেনি বা স্বীকারও করেনি। বরং তারা বলেছে, তারা সবসময়ই ‘আলোচনাকে স্বাগত জানায়’।
আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে সুন্নি মুসলমান শাসিত দেশ সৌদি আরব এবং শিয়া মুসলমানদের সবচেয়ে বড় দেশ ইরানের মধ্যে দশকের পর দশক ধরে বিরোধ চলছে। গত কয়েক বছরে মধ্যপ্রাচ্য জুড়ে যে ‘প্রক্সি যুদ্ধ’ চলছে তাতে দুই দেশের মধ্যে বিরোধ আরও বেড়েছে।
ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরব নেতৃত্বাধীন সুন্নি আরব দেশগুলো ইয়েমেন সরকারপন্থি দলগুলোকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে, ইরান বিদ্রোহী হুতিদের পক্ষ নিয়েছে। ইরানের বিরুদ্ধে হুতিদের অস্ত্রের যোগান দেওয়ার অভিযোগও আছে। যদিও ইরান ওই অভিযোগ অস্বীকার করেছে।
হুতি বিদ্রোহীরা মাঝে মধ্যেই সৌদি আরবের বিমানবন্দর ও তেলক্ষেত্রে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। সৌদি আরব ইরানের বিরুদ্ধে লেবানন এবং ইরাকের রাজনীতিতেও হস্তক্ষেপের অভিযোগ তুলেছে।
২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরান যে পরমাণু চুক্তি করেছে, সৌদি আরব ওই চুক্তিরও বিরোধিতা করেছিল। তিন বছর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরান পরমাণু চুক্তি থেকে সরিয়ে নিয়ে দেশটির উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। সৌদি আরব ট্রাম্পের ওই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছিল।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ইরানের আবার সরাসরি আলোচনা শুরু হয়েছে। ইরান যদি চুক্তির সব শর্ত অক্ষরে অক্ষরে পালন করে তবে বাইডেন যুক্তরাষ্ট্রকে আবারও ওই চুক্তিতে ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
