কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়াল ৩ লাখ
যুক্তরাষ্ট্রে প্রথম দফায় ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হওয়ার দিনটিতেই মহামারীতে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।
সোমবার মৃত্যুর সংখ্যা এই হতাশাজনক মাইলফলক পার হলেও টিকার আগমন আশা যোগাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিন নিউ ইয়র্কের কুইন্সে ‘লং আইল্যান্ড জুইশ মেডিকেল সেন্টার’ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সেবিকা সান্দ্রা লিন্ডসেকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়। এর মাধ্যমেই যুক্তরাষ্ট্রজুড়ে প্রথম দফায় টিকা দেওয়া শুরু হয়।
টিকা নেওয়ার পর লিন্ডসে বলেছেন, “এই টিকা নেওয়াটা অন্য কোনও টিকা নেওয়ার থেকে আলাদা কিছু মনে হয়নি। কোনও যন্ত্রণাও অনুভব করিনি। আশা করি এটি আমাদের ইতিহাসের অত্যন্ত বেদনাদায়ক একটি সময়ের সমাপ্তির সূচনা করবে।”
কোভিড-১৯ সংক্রমণ এবং মৃত্যু উভয় তালিকাতেই বিশ্বের এক নম্বর নাম যুক্তরাষ্ট্র। তাই তিন লাখ মানুষের প্র্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া শুরু দেশটির জন্য দারুণ স্বস্তির খবর হয়ে এসেছে।
গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার কিছুটা কমেছিল। কিন্তু নভেম্বরে সেটি আবার দ্বিগুণ গতিতে ফেরার পর থেকে সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ খাড়া উপরের দিকে উঠছে।
শেষ খবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা এক কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৬২৮ জনে দাঁড়িয়েছে। দেশটি প্রথম কোভিড-১৯ রোগীর তথ্য নথিবদ্ধ করার পর থেকে ১১ মাসে মৃত্যু হয়েছে তিন লাখ ৪৭৯ জনের।
সোমবার যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে রেকর্ড সংখ্যক, এক লাখ নয় হাজার কোভিড-১৯ আক্রান্ত ভর্তি ছিলেন। রোগীর সংখ্যা বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ায় পর্যায়ে পৌঁছে যাচ্ছে।
গত সাত দিনে যুক্তরাষ্ট্রে গড় দৈনিক মৃত্যুর সংখ্যা দুই হাজার ৪৬২ জন ছিল বলে রয়টার্সের হিসাব জানাচ্ছে। মহামারী শুরু হওয়ার পর থেকে সাত দিনের মৃত্যুর গড়ে এ সংখ্যাটি সর্বোচ্চ।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেক টিকার অনুমতি দেয়।
সোমবারই টিকার ৩০ লাখ ডোজের প্রথম চালান সারা দেশে বিতরণ করা হয়। যুক্তরাষ্ট্রের টিকাদান প্রকল্পে আগামী এপ্রিলের মধ্যে ১০ কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মানির বায়োটেকনোলজি কোম্পানি বায়োএনটেক মিলে তৈরি করা এই কোভিড-১৯ টিকাটির দুটি ডোজ তিন সপ্তাহের ব্যবধানে প্রয়োগ করতে হবে।
টিকাটির প্রথম ডোজগুলো স্বাস্থ্যসেবা কর্মীদের ও দীর্ঘ মেয়াদি সেবা সদনগুলোতে থাকা বয়স্ক লোকজনকে দেওয়া হবে। এরপর অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের, বয়স্ক ব্যক্তিদের ও দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা ব্যক্তিদের দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষা নীতির অংশ হিসেবে জরুরি পরিস্থিতিতে সরকারের ধারাবাহিকতা নিশ্চিত করতে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কংগ্রেস সদস্যদেরও প্রথম দফায় এ টিকা দেওয়া হবে।
সোমবার রাজধানী ওয়াশিংটন ডিসির নিকটবর্তী ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার হাসপাতালে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার টিকা নিয়েছেন। এর মাধ্যমে দেশটির মন্ত্রিপরিষদ পর্যায়ের টিকা নেওয়া প্রথম কর্মকর্তা হয়েছেন তিনি।
