যুক্তরাষ্ট্রে ট্রাম্পপন্থিদের সমাবেশে মারামারি, ছুরিকাঘাত
যুক্তরাষ্ট্রে ভোটে ‘কারচুপির’ অভিযোগ নিয়ে কয়েকটি নগরী ও শহরে শনিবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হাজারো সমর্থক সমাবেশে নামলে কোথাও কোথাও তাদের সঙ্গে ট্রাম্প-বিরোধীদের মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
বিবিসি জানায়, রাজধানী ওয়াশিংটন ডিসি তে পুলিশ ২০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। সেখানে চারজন ছুরিকাঘাতের শিকার হয়েছেন।
শনিবার রাজধানীতে পুলিশ উভয়পক্ষকে শুরু থেকেই আলাদা করে রাখার চেষ্টা করেছে।
ট্রাম্পপন্থি বিক্ষোভকারীরা ‘চুরি বন্ধ কর’ লেখা ব্যানার নিয়ে মিছিল শুরু করে। চরম-ডানপন্থি ‘প্রাউড বয়েজ’ গ্রুপের সদস্যরাও ওই মিছিলে যোগ দেয়। তাদের অনেকে হলুদ ও কালো রঙের পোশাক পরে ছিল। কেউ কেউ ‘বুলেট প্রুফ ভেস্ট’ পরে ছিলেন।
রাত নামতে শুরু করলে ‘প্রাউড বয়েজ’এবং ট্রাম্প-বিরোধী এন্টিফা বিক্ষোভকারীরা প্রথমে একে অপরকে গালি দিয়ে পরিস্থিতি উত্তেজিত করে তোলে। পুলিশ তাদের আলাদা রাখার চেষ্টার পরও দুই পক্ষের মধ্যে মারামারি লেগে যায়।
দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানায়, রাজধানীর শহরতলিতে ‘হ্যারিস বার’ এর কাছে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা কোন পক্ষে ছিল বা তাদের কারা ছুরিকাঘাত করেছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।
গত ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। কিন্তু তিনি এখনও পরাজয় স্বীকার করেননি।
যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া খানিকটা ভিন্ন। সেখানে জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন না। বরং জনগণের ভোটে প্রতিটি রাজ্য থেকে নির্বাচিত ইলেকটেটররা ভোট দিয়ে একজন প্রেসিডেন্ট নির্বাচন করেন। একে ইলেকটোরাল কলেজ ভোট বলে।
আগামী সোমবার ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং জো বাইডেন বিজয়ী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পাবেন।
এবারের নির্বাচনে বিভিন্ন রাজ্যের পপুলার ভোটে জয় এবং সেই রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা অনুযায়ী, বাইডেন ৩০৬টি এবং ট্রাম্প ২৩২টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।
বাইডেন প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে ৭০ লাখের বেশি ভোট পেয়ে পপুলার ভোটেও এগিয়ে আছেন। আগামী ২০ জানুয়ারিতে তার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণ করার কথা রয়েছে।
