বাইডেনের ছেলে হান্টারের ‘কর নিয়ে তদন্ত চলছে’
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন তার কর সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ডেলওয়ারে কেন্দ্রীয় কৌঁসুলিরাই তদন্তটি পরিচালনা করছেন এবং হান্টার তদন্তকে ‘গুরুত্ব’ সহকারে নেওয়ার কথা জানিয়েছেন।
‘নিরপেক্ষ পর্যালোচনা’ হলে তিনি যে ‘যথাযথ ও আইনিভাবে’ কর্মকাণ্ড পরিচালনা করেছেন তা প্রমাণিত হবে বলেও আত্মবিশ্বাসী বাইডেনের ৫০ বছর বয়সী এ পুত্র।
যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ট্রানজিশন টিম জানিয়েছে, বাইডেন তার সন্তানকে নিয়ে ‘খুবই গর্বিত’।
“সাম্প্রতিক মাসগুলোতে কুৎসিত ব্যক্তিগত আক্রমণসহ কঠিনসব চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করেছেন হান্টার; এগুলো তাকে আরও শক্তিশালী হিসেবে হাজির করেছে,” ট্রানজিশন টিমের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এমনটি বলা হয়েছে।
তার কর সংক্রান্ত তদন্তের বিষয়টি মঙ্গলবার জানতে পেরেছেন বলে হান্টার জানিয়েছেন। এ প্রসঙ্গে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।
বারাক ওবামা প্রশাসনে বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেসময় ইউক্রেইন ও চীনে হান্টারের ব্যবসায়িক কার্যক্রম ছিল; তা নিয়ে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় রিপাবলিকানরা ধারাবাহিকভাবে প্রশ্ন তুলেছিল।
গত বছরের ডিসেম্বরে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে ডনাল্ড ট্রাম্প অভিশংসিত হয়েছিলেন ক্ষমতার অপব্যবহার এবং বাইডেন ও হান্টারকে নিয়ে তদন্তে ইউক্রেইনকে চাপ দেওয়া প্রসঙ্গে কংগ্রেসের তদন্তে বাধা দেওয়ার অভিযোগে; পরে ফেব্রুয়ারিতে রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেটে খালাস পান তিনি।
বিবিসি লিখেছে, এমন এক সময়ে হান্টারের কর সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে যখন তার বাবা নতুন প্রশাসনের মন্ত্রিসভা সাজাচ্ছেন।
এ তদন্ত যদি আগামী মাসের ২০ তারিখের পরও চলে তাহলে বাইডেনের বেছে নেওয়া অ্যাটর্নি জেনারেল তদন্তটির দেখভাল করতে পারবেন।
