২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে বেড়েছে বাইডেন মাস্কের বিক্রি

বিশ্বজুড়ে বহু মানুষই  যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের জয়ের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে, আর প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানাতেও দেখছে তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2020, 11:39 PM

Updated : 08 Apr 2022, 01:37 AM

তবে ট্রাম্প যাই করুন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে নিয়ে মানুষের আগ্রহ যে বাড়ছে, তাই দেখা যাচ্ছে জাপানের একটি কোম্পানির মাস্ক বিক্রিতে।

যুক্তরাষ্ট্রে নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তর না হলেও জাপানের ওগাওয়া  স্টুডিওসের মাস্ক বিক্রিতে অনায়েসেই ট্রাম্পের মাস্কের জায়গা দখল করে নিচ্ছে বাইডেন মাস্ক।

বিবিসি জানায়,অক্টোবরের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রে নির্বাচনের কিছুদিন আগে থেকেই বাইডেনের রাবারের মাস্ক বানাতে শুরু করেছিল টোকিওর ওই কোম্পানি।

গতমাসে ট্রাম্প এবং বাইডেনের মাস্ক সমান তালে বিক্রি হলেও এ মাসের নির্বাচনে বাইডেন জয়ী হওয়ার পর থেকেই তার মাস্ক বেশি বিক্রি হচ্ছে, চাহিদা কমে গেছে ট্রাম্প মাস্কের।

নভেম্বরে বাইডেনের ১ হাজার মাস্ক বিক্রি হয়েছে। প্রতি পিস বিক্রি হচ্ছে ২৩ ডলার করে (২,৪০০ ইয়েন)।

করোনাভাইরাস মহামারীতে সারাবিশ্বে যেখানে সার্জিক্যাল মাস্কের চাহিদা তুঙ্গে, সেখানে জনপ্রিয়তা পেয়েছে জাপানে তৈরি এই রাবারের মাস্ক। কারণ, মাস্কগুলো তৈরি হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বদের অবয়ব দিয়ে।

ওগাওয়া স্টুডিওস কর্মীরা রাবার দিয়ে ট্রাম্প আর বাইডেনের চেহারা ফুটিয়ে তুলছেন মাস্কে।বাইডেনের অবয়বের মাস্কে ভদ্র হাসির ইমেজ দিয়েছেন তারা।আর ট্রাম্পের মাস্কে ফুটিয়ে তোলা হয়েছে চীৎকারের ভঙ্গি।

চার বছর আগে ২০১৬ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভের পর এই একই জাপানি কোম্পানিতে ট্রাম্প মাস্কের জন্য অর্ডারের বন্যা বয়ে গিয়েছিল।