২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েনা হামলা: সন্ত্রাসবিরোধী প্রধান কর্মকর্তা বরখাস্ত

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বন্দুক হামলা হওয়ার আগে গোয়েন্দা তৎপরতায় ব্যর্থতা এবং নিরাপত্তায় ঘাটতি ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর জেরে বরখাস্ত করা হয়েছে ভিয়েনার সন্ত্রাসবিরোধী প্রধান কর্মকর্তাকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2020, 10:15 PM

Updated : 18 Aug 2022, 04:03 PM

পুলিশ বলেছে, কর্মকর্তা এরিখ জুয়েটলারকে তার অনুরোধেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত সোমবার ভিয়েনার ছয় জায়গায় বন্দুকধারীরা গুলি চালিয়ে অন্তত পাঁচ জনকে হত্যা করে। এ হামলার জন্য একজন ‘ইসলামি সন্ত্রাসী’ দায়ী বলে দাবি করেছেন অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার।

ওই হামলার আগে দিয়ে নিরাপত্তায় ঘাটতির বিষয়টি সামনে আসার পর শুক্রবার এরিখকে বরখাস্ত করা হল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এরিখের ব্যর্থতার বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ায় তার অবস্থান টলে গেছে।

বিবিসি জানায়, ভিয়েনায় হামলার পরপরই একটি বিষয় পরিস্কার হয়ে যায় যে সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগ দেওয়ার চেষ্টায় থাকা এক বন্দুকধারীকে জেল থেকে আগেই ছেড়ে দেওয়া হয়েছিল।

জার্মান গোয়েন্দা সংস্থাগুলোর নজরে থাকা লোকজনের সঙ্গেও ওই হামলাকারীর যোগাযোগ ছিল। জার্মান গোয়েন্দারা সে ব্যাপারে জানানোর পরও হামলাকারীর ওপর নজরদারি বাড়ানো হয়নি, বরং তাকে জেল থেকে আগাম ছেড়ে দেওয়া হয়। অস্ট্রিয়া কর্তৃপক্ষ তার নাম কোয়দিম ফেজুলাই বলে জানিয়েছে।

এছাড়াও, এই হামলাকারী স্লোভাকিয়া থেকে গোলাবারুদ কেনার চেষ্টা করেছিলেন বলেও গত জুলাইয়ে অস্ট্রিয়া পুলিশকে জানিয়েছিল স্লোভাকিয়া পুলিশ। কিন্তু অস্ট্রিয়ার বিভিটি গোয়েন্দা সংস্থা এ বিষয়টি ঠিকমত সামাল দিতে পারেনি। যদিও সন্দেহভাজনকে চিহ্নিত করতে কর্মকর্তারা সমস্যায় পড়েছিলেন।

ভিয়েনায় সেন্ট্রাল সিনাগগের কাছেই বন্দুক হামলা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো শুরুতে দুইজনের মৃত্যুর খবর দিলেও পরে তা বেড়ে পাঁচ জন হয়। হামলার পর বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযানে অস্ট্রিয়ার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে।

বন্ধ করা হয়েছে মসজিদ:

হামলার জেরে জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করে একটি মসজিদ এবং একটি মসজিদ অ্যাসোসিয়েশন বন্ধ করে দেওয়া হয়েছে। হামলার জন্য মূলত যাকে দায়ী করা হচ্ছে, সেই ২০ বছর বয়সী হামলাকারী ফেজুলাই এই দুই জায়গায় ঘন ঘন যেত এবং সেখান থেকেই সে মৌলবাদে জড়িয়ে পড়েছিল বলে জানিয়েছেন ইন্টিগ্রেশন মন্ত্রী।

তিনি জানান, ওটাকরিং এবং মেইডলিং শহরতলীর এই দুটি মসজিদে হামলাকারী কয়েকবারই গিয়েছিল। আর এর মধ্যে ওটাকরিং মসজিদ অ্যাসোসিয়েশনের সঙ্গে ইসলামি জঙ্গিদের যোগ আছে।

ইউরোপে সীমান্ত কড়াকড়ি চায় ফ্রান্স:

ভিয়েনায় বন্দুক হামলা এবং এর আগে ফ্রান্সে দুটি ছুরি হামলার ঘটনার পর ইউরোপের শেনজেন উন্মুক্ত সীমান্তে কড়াকড়ির কথা ভেবে দেখা দরকার বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি বলেন,অপরাধ চক্রের অবৈধভাবে ইউরোপে মানুষ পাচার বন্ধ করতে সীমান্তে এই কড়াকড়ির প্রয়োজন আছে। কারণ, পাচার হয়ে আসা মানুষদের সঙ্গে প্রায় ক্ষেত্রেই সন্ত্রাসী নেটওয়ার্কের যোগ থাকে।

তাই শেনজেন অঞ্চলে সীমান্তে বাহিনী মোতায়েন করে সুরক্ষা বাড়ানো দরকার বলেই অভিমত ম্যাক্রোঁর। ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলনে সীমান্ত সুরক্ষার এই প্রস্তাব তুলবেন বলেও জানিয়েছেন তিনি।

পুরনো খবর:

ভিয়েনা হামলার দায় স্বীকার আইএসের
অস্ট্রিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪, গ্রেপ্তার ১৪