নেভাডাতেও মামলা করেছে ট্রাম্প শিবির
যুক্তরাষ্ট্রের নির্বাচনে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্যে একই ধরনের পদক্ষেপ নেওয়ার পর এবার নেভাডা রাজ্যেও মামলা করেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রচার শিবির।
মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ বলছে, অভিযোগগুলোর মধ্যে ভোট গণনা স্থগিত করাসহ আরও কিছু অভিযোগ আছে যেগুলো এরই মধ্যে অন্যান্য আদালতে উপস্থাপন করে সফল হতে পারেনি ট্রাম্প শিবির।
কোনও প্রমাণ না দিয়েই মামলার অভিযোগে বলা হয়েছে, ক্লার্ক কাউন্টির নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। তার মধ্যে ৩ হাজারের বেশি অযোগ্য মেইল ইন ভোট ছিল এবং ডাকযোগের বিশ্বাসযোগ্য ভোট পক্রিয়াতেও ঘাটতি ছিল।
বিবিসি জানায়, যেসব রাজ্যে বাইডেন এগিয়ে আছেন বা বাইডেনের সঙ্গে ট্রাম্পের এগিয়ে থাকার ব্যবধান কমে গেছে, সেসব রাজ্যে বার বার নির্বাচনে জালিয়াতি এবং অনিয়মের অভিযোগ তুলেছেন ট্রাম্প।
নেভাডা রাজ্যে বাইডেন এগিয়ে থাকলেও ট্রাম্প সমর্থকরা ভোট গণনা চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন। আরও ভোট গণনা করা হলে ট্রাম্পের পক্ষের ভোট মিলতে পারে বলেই তাদের বিশ্বাস।
‘ভোটে অনিয়মের কোনও প্রমাণ নেই’
নির্বাচনে পোস্টাল ভোট গণনা চলার মধ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘অবৈধ’ ভোট গোনা হচ্ছে বলে অভিযোগ করলেও নির্বাচন পর্যবেক্ষকরা উল্টো কথাই বলছেন।
বিবিসি রেডিও ফাইভ-লাইভ আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন ‘দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই) এর মুখপাত্রের কাছে ট্রাম্পের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন- অনিয়মের কোনও প্রমাণ নেই।
পর্যবেক্ষক মিশন ওএসসিই’ এর আগেও ভিত্তিহীন অভিযোগে যুক্তরাষ্ট্রের নির্বাচন কলঙ্কিত হওয়ার অভিযোগ করে বলেছিল, “পদ্ধতিগত ত্রুটি নিয়ে ভিত্তিহীন অভিযোগ, বিশেষ করে নির্বাচনের রাতে বর্তমান প্রেসিডেন্টের তোলা অভিযোগ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে জনগণের আস্থার জন্য ক্ষতিকর।”
