ফিলিপিন্সে টাইফুনে পৌর এলাকার ৯০% ক্ষতিগ্রস্ত, নিহত ১৬
শক্তিশালী সুপার টাইফুন গনির আঘাতে বিপর্যস্ত ফিলিপিন্সে ‘ভিরাক’ পৌরসভা এলাকার ৯০ শতাংশ ভবনই ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্র তুলে ধরেছে রেডক্রস। ঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।
রোববার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে ঘণ্টায় ২২৫ কিলোমিটার একটানা বাতাসের গতি নিয়ে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছিল টাইফুন গনি।
ফিলিপিন্সের দ্বীপাঞ্চলীয় প্রদেশ ক্যাতানদুয়ানেসের ভিরাকই প্রথম এই ঝড়ের কবলে পড়ে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঝড়ের পর ভিরাকের ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করে ফিলিপিন্সে রেডক্রসের চেয়ারম্যান ডেক গর্ডন বিবিসি কে জানিয়েছেন, ঝড়ে এই পৌরসভা ৮০-৯০ শতাংশ বাড়িঘরই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাটিতে ৭০ হাজার মানুষের বাস।
ফিলিপিন্সের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, লুজনের দক্ষিণে ক্যাতানদুয়ানেস এবং আলবি প্রদেশে ঝড়ে সব মিলিয়ে ১৬ জন মারা গেছে।
ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে সোমবার বিমানে করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিলিপিন্সের বিকোল অঞ্চল দিয়ে স্থলে উঠে আসার পর বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুনটি কিছুটা দুর্বল হয়ে পড়ে।
টাইফুন গনি একটানা বাতাসের গতি ও ঝড়ো হাওয়াসহ ঘণ্টায় ২২৫ কিলোমিটার (ঘণ্টায় ১৪০ মাইল) থেকে ঘণ্টায় ৩১০ কিলোমিটার (১৮০ মাইল) বেগ নিয়ে স্থলে উঠে এসেছিল।
পরে কিছুটা দুর্বল হয়ে ঘণ্টায় ২১৫ কিলোমিটার গতিতে বইতে থাকে। এরপর গনি রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর ওপর দিয়ে বয়ে যায়।
