২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে অস্ত্র বিক্রি: চীনা নিষেধাজ্ঞার মুখে মার্কিন কোম্পানি

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে লকহিড মার্টিন, বোয়িং ডিফেন্স, রেথিওনসহ অন্যান্য মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে চীন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Oct 2020, 07:33 PM

Updated : 08 Apr 2022, 01:32 AM

সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান একথা জানিয়ে সাংবাদিকদের বলেছেন, চীন তাদের জাতীয় স্বার্থ সুরক্ষার ব্যবস্থা নিচ্ছে। তবে কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ হতে পারে সে সম্পর্কে বিস্তারিত বলেননি তিনি।

গত সপ্তাহে পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগ তাইওয়ানে সেন্সর, ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদসহ ১৮০ কোটি ডলারের তিনটি অস্ত্র ব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছে।

স্বায়ত্ত্বশাসিত তাইওয়ানকে বরাবরই চীন নিজের ভূখণ্ড বলে দাবি করে আসছে এবং প্রয়োজনবোধে শক্তি প্রয়োগ করে হলেও একে নিয়ন্ত্রণে রাখার অঙ্গীকার করেছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, “জাতীয় স্বার্থ সুরক্ষায় চীন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং লকহিড মার্টিন, বোয়িং ডিফেন্স, রেথিওনসহ অন্যান্য মার্কিন কোম্পানি ও ব্যক্তিবর্গ যারা অস্ত্র বিক্রির প্রক্রিয়ায় বাজে আচরণ করেছে তাদের ওপর অর্থনৈতিক দণ্ড হিসাবে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।”

চীন এর আগেও লকহিড মার্টিনসহ অন্যান্য মার্কিন কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও এই সাজার কি মূল্য দিতে হয়েছে তা স্পষ্ট নয়।

অন্যান্য রাষ্ট্রের মতো যুক্তরাষ্ট্রেরও তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। তবে আইনগতভাবে যুক্তরাষ্ট্র তাইওয়ানের সুরক্ষায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলে চীনের সঙ্গে একাধিক বিষয় নিয়ে এরই মধ্যে  দুদেশের সম্পর্কে উত্তেজনার প্রেক্ষাপটেও প্রশাসন তাইওয়ানে অস্ত্র বিক্রিসহ মার্কিন কর্মকর্তাদের তাইপে সফরের পদক্ষেপ নিয়ে বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়েছে।