২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্কিং উড়োজাহাজকে রেস্তোরাঁ বানাল সিঙ্গাপুর এয়ারলাইন্স

বিশাল উড়োজাহাজে বসে খাবার খাওয়ার মজাই আলাদা। সিঙ্গাপুরের বাসিন্দারা এবার সে মজাই পেতে চলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2020, 12:26 AM

Updated : 08 Apr 2022, 01:29 AM

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পার্ক করে রাখা এয়ারবাস এ৩৮০-তে বসে দুপুর এবং রাতের খাবার খাওয়ার এ সুযোগ করে দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।

আছে নানা রকম খাবারের আয়োজন। যা থেকে খাবার বেছে নিতে পারবেন অতিথিরা। সর্বনিম্ন ৩৯ মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ৪৯৬ মার্কিন ডলার খরচ করে যে কেউ এখানে খেতে পারবেন।

সিঙ্গাপুরের বাসিন্দারা এ সুযোগ লুফেও নিয়েছেন। অভিনব এ রেস্তোরাঁর বিজ্ঞাপন দেওয়ার আধ ঘণ্টার মধ্যে প্রথম দুইদিনে সব আসন ‘বুক’হয়ে গেছে।

টিকিট বিক্রির জন্য আরও দুইদিন সময় বাড়ানো হয়েছে। আগ্রহীরা খাবার খাওয়ার জন্য ওয়েটিং লিস্টেও নাম লেখাচ্ছেন।

বিবিসি জানায়, করোনাভাইরাস মহামারীর ক্ষতি পুষিয়ে নিতে এই উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।

আপাতত দুইটি এয়ারবাস ব্যবহার করে তারা প্রতিদিন তিন ঘণ্টা এ রেস্তোরাঁ চালানোর পরিকল্পনা করেছে। মহামারীর এ সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে একবারে ধারণ ক্ষমতার অর্ধেক অতিথিকে বসতে দেওয়া হবে।

অতিথিরা সর্বনিম্ন ৩৯ মার্কিন ডলার ব্যয়ে একটি ইকোনোমি সিট ‘বুক’ করতে পারবেন এবং খাবার খেতে খেতে সিনেমা দেখার সুযোগ পাবেন। তবে উড়োজাহাজ তাদের নিয়ে আকাশে ‌উড়বে না।

এয়ারলাইন কর্তৃপক্ষ খাবার ‘হোম ডেলিভারির’ ব্যবস্থাও রেখেছেন। সঙ্গে এয়ারলাইন্স থেকে যাত্রীদের  ছোটখাট যেসব জরুরি সরঞ্জাম দেওয়া হয়, সেগুলোও দিয়ে দেওয়া হবে।

যদিও শুরুতে সিঙ্গাপুর এয়ারলাইন্স ‘গন্তব্যবিহীন যাত্রার’পরিকল্পনা করেছিল। পরে তা বাদ দেওয়া হয়।

তাইওয়ান ও অস্ট্রেলিয়ার দুইটি এয়ারলাইনস এভাবে ‘গন্তব্যবিহীন যাত্রা’ শুরু করেছে। তারা অতিথিদের যে বিমানবন্দর থেকে তুলছে, নানা জায়গা ঘুরিয়ে আবার সেখানেই নামিয়ে দিচ্ছে।

কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্বের সব দেশের বিমান পরিবহন খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।