সন্ত্রাসবাদ: ভারতে ৮৩ বছর বয়সী যাজক স্টান স্বামী গ্রেপ্তার
দুই বছর আগেকার এক সহিংসতা ও মাওবাদীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৮৩ বছর বয়সী এক যাজককে গ্রেপ্তার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ।
স্টান স্বামীকে বৃহস্পতিবার তার রাঁচির বাড়ি থেকে গ্রেপ্তার করে তৎক্ষণাৎ মুম্বাই পাঠিয়ে দেওয়া হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
রাঁচি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের রাজধানী; আদিবাসী অধ্যুষিত এ রাজ্যে মাওবাদীরা বেশ সক্রিয়।
শুক্রবার এনআইএ ভীমা-কোরেগাঁও মামলায় যে অতিরিক্ত চার্জশিট দিয়েছে, তাতেও শারীরিকভাবে বেশ অসুস্থ স্টানের নাম রয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।
ভারতে এখন পর্যন্ত সন্ত্রাসবাদের অভিযোগে যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, স্টান তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এনআইএয়ের তদন্ত কর্মকর্তারা একটি এসইউভিতে করে রাঁচির উপকণ্ঠে একটি লাল-সাদা ভবনের সামনে নামেন। তারা ফাদার স্টান স্বামীকে আটক করে তার মোবাইল জব্দ করে নেন ও ব্যাগ গোছাতে বলেন। পরে তারা ৮৩ বছর বয়সী এ যাজককে বিমানবন্দরে নিয়ে মুম্বাইগামী ফ্লাইটে তুলে দেন।
মুম্বাইয়ের বিশেষ আদালত পরে স্টান স্বামীকে ২৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।
গ্রেপ্তার হওয়ার কয়েকদিন আগে এক ভিডিওবার্তায় এ যাজক জানান, গোয়েন্দারা তাকে জুলাই মাসের ৫ দিন ১৫ ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেছিল। তারা সেসময় তার কম্পিউটারে ‘কিছু জিনিস’ পাওয়ার কথাও জানিয়েছিল, যা তার সঙ্গে মাওবাদীদের সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয় বলে দাবি তদন্তকারীদের।
স্টান তার সঙ্গে মাওবাদীদের যোগাযোগ থাকার কথা অস্বীকার করে গোয়েন্দাদের বিরুদ্ধে তাকে ফাঁসানোর পাল্টা অভিযোগ করেন। তদন্তকারীরা সেসময় তাকে মুম্বাইয়ে যেতে বললেও বয়স, শারীরিক অবস্থা এবং করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি মহারাষ্ট্রের রাজধানীতে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
আনন্দবাজার জানিয়েছে, তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধে পেশোয়াদের চূড়ান্ত পরাজয় উপলক্ষে প্রতি বছর ১ জানুয়ারি ভীমা-কোরেগাঁওয়ের বিজয় স্তম্ভে দলিতরা জড়ো হয়। ১৮১৮ সালে এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেশোয়া শক্তিকে পরাজিত করেছিল। সেসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাহায্য করেছিল দলিত ‘মাহার’ জনগোষ্ঠী। এরপর থেকে ওই দিনটিকে তারা ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে আসছে।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর দলিতদের ‘এলগার পরিষদ’-এর এই বিজয় অনুষ্ঠানের পর দিন পুনের ভীমা-কোরেগাঁওয়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। ২০১৮ সালের ১ ও ২ জানুয়ারি মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায়ও দলিত-মারাঠা সংঘর্ষ দেখা যায়।
তদন্তে নেমে সমাজকর্মী গৌতম নওলখা, কমি ভারাভারা রাও, অরুণ ফেরেরা, রোনা উইলসন, ভারনন গঞ্জালভেস ও সুধা ভরদ্বাজসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্তে লিপ্ত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তারও করা হয়।
গত বছরের নভেম্বরে মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার গড়ার পরে ভীমা-কোরেগাঁও সহিংসতায় অভিযুক্তদের উপর থেকে মামলা প্রত্যাহারের তৎপরতা শুরু হয়। এর পরেই তড়িঘড়ি তদন্তের ভার দেওয়া হয় কেন্দ্রীয় সংস্থা এনআইএ-কে।
স্টান স্বামীকে গ্রেপ্তার ও অভিযোগপত্রে তার নাম থাকার ঘটনায় অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
“খুবই বেদনাদায়ক। মানবাধিকার কর্মীদের উপর ভারতে এত ভয়াবহ নিপীড়ন এর আগে হয়নি,” বলেছেন ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঙ্গীতা কামাট।
“স্টান স্বামী আজীবন আদিবাসীদের অধিকারের লড়াই করেছেন। সেই কারণেই নরেন্দ্র মোদী সরকার নিপীড়ন করে তার মুখ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। কারণ, এই সরকারের আমলে আদিবাসীদের জীবন ও জীবিকার চেয়ে খনি সংস্থাগুলির মুনাফা বেশি গুরুত্বপূর্ণ,” টুইটে বলেছেন ইতিহাস গবেষক রামচন্দ্র গুহ।
