কিরগিজস্তানে জরুরি অবস্থা জারির মধ্যে নতুন করে সংঘর্ষ
কিরগিজস্তানে প্রেসিডেন্ট সুরনবাই জেনবেকোভ রাজধানী বিশকেকে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি কয়েকদিনের চলমান অস্থিরতা অবসানে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
এ পরিস্থিতির মধ্যেও রাজধানীতে রাস্তায় রাস্তায় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে তুমুল সংঘর্ষ হয়েছে।
বিক্ষোভকারীদের কেউ কেউ ফাঁকা গুলি ছুড়েছে এবং এক পক্ষ অপর পক্ষের দিকে পাথর, বোতল ছুড়ে মেরেছে, ধস্তাধস্তি হয়েছে বলে খবর পাওয়া গেছে। একজন আহতও হয়েছেন।
প্রেসিডেন্ট জেনবেকোভের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা থেকে ২১ অক্টোবর সকাল ৮ টা পর্যন্ত কারফিউ ও কঠোর নিরাপত্তা নিষেধাজ্ঞাসহ জরুরি অবস্থা বলবৎ থাকবে।
জেনবেকোভের এই ঘোষণায় কত সেনা মোতায়েন করা হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে সেনাদেরকে সামরিক যান ব্যবহারসহ তল্লাশি চৌকি স্থাপন করা এবং সশস্ত্র সংঘাত ঠেকিয়ে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার’ নির্দেশ দেওয়া হয়েছে।
কিরগিজস্তানে গত সপ্তাহে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে বিরোধী দলগুলোর কর্মী-সমর্থকরা মঙ্গলবার থেকে বিভিন্ন সরকারি কার্যালয় দখল করে রেখেছে।
ব্যাপক প্রতিবাদের মুখে ভোটের ফল বাতিলের পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী কুবাতবেক বোরনোভ ও তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগও করেছেন।
প্রেসিডেন্ট জেনবেকোভ বলেছেন, “আজ আমরা আমাদের রাষ্ট্রব্যবস্থায় বাস্তবিকই হুমকি দেখতে পাচ্ছি।”
এর আগে জেনবেকোভ বলেছিলেন, রাজনৈতিক অস্থিরতা নিরসনে নতুন মন্ত্রিসভা গঠনের পর তিনি পদত্যাগ করতে প্রস্তুত।
এই মন্ত্রিসভা শনিবারেই গঠিত হতে পারে বলে স্থানীয় নিউজ ওয়েবসাইটগুলো ডেপুটি স্পিকারের বরাত দিয়ে জানিয়েছে।
তবে বিক্ষোভকারীরা নতুন সরকার পরিচালনায় কাদের থাকা উচিত তা নিয়ে একমত হতে পারছে না। গত বুধবার কিরগিজ প্রধানমন্ত্রীর পদত্যাগের পর প্রতিটি রাজনৈতিক দলই নিজ নিজ নেতাকে সরকারে চাইছে।
একটি রাজনৈতিক দল সাবেক এমপি জাপারোভকে সমর্থন দিচ্ছে। এ সপ্তাহে বিক্ষোভের মুখে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন বলে শোনা গেছে। ৩৫ এমপি’র একটি দল তাকেই নতুন প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেছে।
কিন্তু বিরোধীরা বলছে, তাকে বাছাইয়ের প্রক্রিয়ায় সংবিধান লঙ্ঘিত হয়েছে। শুক্রবার আরও চারটি রাজনৈতিক দল চারজন ভিন্ন ভিন্ন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।
তাছাড়া, এদিন হাত মেলাতে একমত হওয়া প্রধান দুই বিরোধীদলীয় নেতার সমর্থকরা এবং অন্যান্য দলগুলোর সমর্থকরা পাল্টাপাল্টি সমাবেশও করেছে। রাজনীতিবিদরা বলছেন, এই সব সমাবেশ থেকে সহিংসতা ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।
