২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে রুখতে জাপানে চার দেশের বৈঠক

চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখে দেওয়ার পথ খুঁজতে টোকিওয় বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2020, 08:47 PM

Updated : 08 Apr 2022, 01:26 AM

সামরিক শক্তিবৃদ্ধি থেকে বাণিজ্য বা আঞ্চলিক প্রভাব বিস্তার; সব ক্ষেত্রেই চীনের ক্রমবর্ধমান প্রভাব যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর জন্য রীতিমত হুমকি হয়ে দেখা দেওয়ায় মঙ্গলবার ‘কোয়াড মিটিং’ শুরু করেছে এই দেশগুলো।

দু’দিনের এই বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে জাপানে রওয়ানা হওয়ার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, ‘‘বৈঠকটির জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি।”

সম্প্রতি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় গিয়ে পৌঁছেছে। যে কারণে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলের মিত্রদের সঙ্গে সম্পর্ক আরো গভীর করার দিকে অধিক মনযোগ দিয়েছে বলে মনে করে বিবিসি।

‘দ্য কোয়াড’ বৈঠকের বাকি পররাষ্ট্রমন্ত্রীরা হচ্ছেন, জাপানের তোশিমিৎসু মোতেগি, অস্ট্রেলিয়ার ম্যারিস পেইন এবং ভারতের সুব্রামানিয়াম জয়শঙ্কর। বৈঠকে করোনাভাইরাস মহামারী এবং সাইবার নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ আরও বেশকিছু বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

রওয়ানা হওয়ার পথে এক টুইটে পম্পেও লেখেন, ‘‘আমরা সবাই ইন্দোপ্যাসিফিক অঞ্চলে স্বাধীনতা ও উন্মুক্ত পরিবেশ চাই। আমাদের এই চাওয়া আরও জোরদার করতে পরষ্পরের সহযোগিতা প্রয়োজন। ওই অঞ্চলের স্বাধীন, শক্তিশালী ও সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে আলোচনা করে সমন্বয়ের মাধ্যমে সেই সহযোগিতা আরও বাড়াতে চাই।”

চীন এরই মধ্যে বৈঠকটিকে ‘একপাক্ষিক চক্র’ বলে বর্ণনা করেছে, যাদের লক্ষ্য তৃতীয় পক্ষর ক্ষতি করা।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, ‘‘আমরা আশা করছি বৈঠকে অংশ নেওয়া দেশগুলো এই অঞ্চলের সব দেশের সাধারণ স্বার্থ মাথায় রেখে কাজ করবে এবং অপরপক্ষের কথায় ভুলে না গিয়ে এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নে সহায়ক হয় এমন কাজ আরও বেশি করে করবে।”

কোয়াড কি?

২০০৭ সালের মে মাসে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বৈঠকের মধ্য দিয়ে ‘দ্য কোয়াডরিল্যাটরাল ইনিশিয়েটিভ এর যাত্রা শুরু হয়। যা সংক্ষেপে ‘কোয়াড’ নামে পরিচিত।

বিশ্লেষকদের মতে, চীনের দ্রুত উত্থানের মুখেই সহযোগিতা জোরদারের চেষ্টায় একাট্টা হয়েছিল এই চার দেশ।

চীন ‘কোয়াড’ নিয়ে প্রতিবাদ জানালে অনানুষ্ঠানিক এই জোটটির সদস্যরা বলেছিলেন, কেবলমাত্র আঞ্চলিক নিরাপত্তা রক্ষার লক্ষ্য নিয়েই তারা একাট্টা হয়েছেন। তাদের এ প্রচেষ্টা কোনও দেশকে লক্ষ্য করে নয়।

পরবর্তীতে ‘কোয়াড’ এর আর তেমন সক্রিয়তা দেখা যায়নি। তবে ২০১৭ সালে পুনরুজ্জীবীত হয় কোয়াড। কোয়াডের চার সদস্য দেশের মধ্যে ওই সময় থেকে নিয়মিত বৈঠক হয়ে আসছে। তবে এবারের বৈঠকটি নিয়ে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

কারণ, বৈঠকটি এমন একটি সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া সবার সঙ্গে চীনের সম্পর্কে উত্তেজনা বাড়তে দেখা যাচ্ছে।