২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানে বিরোধীদের ক্ষমতা দখলের দাবি, নির্বাচনী ফল বাতিল

কিরগিজস্তানের বিরোধীদলগুলো পার্লামেন্ট নির্বাচন নিয়ে বিক্ষোভের সময় একাধিক সরকারি ভবন নিয়ন্ত্রণে নেওয়ার পর ক্ষমতা দখলের দাবি করেছে। সহিংস বিক্ষোভের পর নির্বাচনী ফল বাতিল করেছে নির্বাচন কর্তৃপক্ষও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2020, 05:26 PM

Updated : 08 Apr 2022, 01:26 AM

কিরগিজ প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকোভ বলেছেন, দেশ একটি অভ্যুত্থান চেষ্টার মুখে পড়েছে। তবে তিনি বিক্ষোভকারীদের ওপর গুলি না চালানোর জন্য আইন-শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

বিবিসি জানায়, এক ভিডিও বার্তায় জিনবেকোভ বলেছেন, অজ্ঞাত একটি রাজনৈতিক শক্তি নির্বাচনী ফলকে শৃঙ্খলাভঙ্গের কারণ হিসাবে ব্যবহার করছে; তারা বেপরোয়া।

এ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে সম্ভাব্য সব পদক্ষেপই নিয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জিনবেকোভ। তিনি বিরোধীদলগুলোকে তাদের সমর্থকদের শান্ত করে বিক্ষোভস্থল থেকে সরিয়ে নেওয়ার আহ্বানও জানান।

জিনবেকোভ বলেন, “আমি কেন্দীয় নির্বাচন কমিশনকে সহিংসতার ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা এবং প্রয়োজনে নির্বাচনের ফল বাতিলের প্রস্তাব দিয়েছি।”

কিরগিজস্তানে রোববারের পার্লামেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে সোমবার রাজধানী বিশকেকে আলা-তু স্কয়ারে নির্বচনী ফলের বিরোধিতা করে বিক্ষোভ করেছে প্রায় ৫ হাজার মানুষ।

পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস এবং জলকামান ছুড়লে সহিংসতা শুরু হয়। সংঘর্ষে একজন নিহত ও প্রায় ৬০০ লোক আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

কিরগিজ সরকার বলছে, রাতভর বিক্ষোভে একজন নিহত এবং আরও ৫৯০ জন আহত হয়েছেন।

বিরোধীরা বলছেন, দুর্নীতির অভিযোগে বন্দি সাবেক কিরগিজ প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভকে তারা মুক্ত করেছেন এবং অস্থায়ী সরকার গঠনের জন্য এরই মধ্যে আলোচনা শুরু করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বন্দিদশা থেকে মুক্তি পাওয়া সাবেক প্রেসিডেন্ট আতামবায়েভ ভূমিকা কী হবে তা এখনও পরিষ্কার নয়। তাছাড়া, বর্তমান প্রেসিডেন্ট জিনবেকোভেরও তাৎক্ষণিকভাবে ক্ষমতা ছাড়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।