২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মান্দারিন ভাষার ‘আগ্রাসন’, চীনে মঙ্গোলীয়দের বিরল বিক্ষোভ

মঙ্গোলিয়ান ভাষায় পড়াশোনার সুযোগ কমিয়ে মান্দারিন ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বিরল বিক্ষোভ দেখিয়েছে চীনের উত্তরাঞ্চলের মঙ্গোলীয় জনগোষ্ঠী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2020, 07:02 PM

Updated : 08 Apr 2022, 01:17 AM

কর্তৃপক্ষের দেওয়া নতুন নির্দেশনায় ইনার মঙ্গোলীয় স্বায়ত্তশাসিত অঞ্চলের স্কুলগুলোতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের পাঠদানে মান্দারিনের ব্যবহার ধীরে ধীরে বাড়াতে বলা হয়েছে।

নতুন এ নীতির প্রতিবাদে মঙ্গলবার একটি বোর্ডিং স্কুলের অভিভাবকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা টপকে স্কুলের ভেতর ঢুকে শিক্ষার্থীদের বাড়ি নিয়ে গেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

চীনে মঙ্গলবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নতুন টার্ম শুরু হয়েছে।

নিউ ইয়র্কভিত্তিক সাউদার্ন মঙ্গোলিয়ান হিউম্যান রাইটস ইনফরমেশন সেন্টার জানিয়েছে, বোর্ডিং স্কুলটি খোলার দিনই অনেক অভিভাবক নতুন নীতির কথা জানতে পারেন। তারা এ নীতির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে শিক্ষার্থীদের ফেরত নিয়ে যাওয়ার দাবি জানান। 

“কয়েকশ দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিভাবকদেরকে স্কুলের ডর্মেটরিতে ঢুকতে বাধা দেয়। কয়েক ঘণ্টার উত্তেজনার পর অভিভাবকরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ভেতরে ঢুকে পড়েন এবং তাদের সন্তানদের নিয়ে যান,” বলেছে তারা। 

বিবিসি জানিয়েছে, বেশিরভাগ মঙ্গোলীয়ই স্কুলের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়- রাজনীতি, ইতিহাস এবং ভাষা ও সাহিত্যের পাঠদান মান্দারিনে করার নির্দেশনাকে তাদের সাংস্কৃতিক পরিচয়ের উপর হুমকি হিসেবে দেখছেন।

এ নীতির প্রতিবাদে সপ্তাহান্তে চীনের বেশ কয়েকটি শহরে শিক্ষার্থী ও অভিভাবকদের বড় বড় বিক্ষোভও হয়েছে।   

“আমাদের ভাষা মঙ্গোলিয়ান; আমাদের জন্মভূমি মঙ্গোলিয়া। আমাদের মাতৃভাষা মঙ্গোলিয়ান, আমরা আমাদের মাতৃভাষার জন্য মরবো,” এমনই এক বিক্ষোভে শিক্ষার্থীরা এসব বলেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সম্প্রচারমাধ্যম রেডিও ফ্রি এশিয়া।

অনেক অভিভাবক বলছেন, স্কুলগুলোতে মান্দারিনের চর্চা বাড়লে তাদের সন্তানরা মাতৃভাষায় অনর্গল কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

“ইনার মঙ্গোলিয়ার প্রায় সবাই নতুন এ কারিকুলামের বিরোধিতা করছেন,” বলেছেন ৩২ বছর বয়সী এক অভিভাবক।

সমালোচকরা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করেও চীন যে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর তার নিপীড়ন অব্যাহত রেখেছে ইনার মঙ্গোলিয়ায় মান্দারিন চাপিয়ে দেওয়ার চেষ্টা তারই একটি উদাহরণ। 

বেইজিং অবশ্য সবসময়ই এ অভিযোগগুলো অস্বীকার করে আসছে।

শুক্রবার ইনার মঙ্গোলিয়া আঞ্চলিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন এলাকায় রাষ্ট্রভাষায় শিক্ষাদান কার্যক্রম জোরদার করতেই মঙ্গোলিয়ার স্কুলগুলোতে মঙ্গোলিয়ান ভাষার পাশাপাশি মান্দারিন চর্চা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়েছে।