সিরিয়ায় রুশ-মার্কিন সাঁজোয়া যান সংঘর্ষ, পাল্টাপাল্টি দোষারোপ
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রাশিয়া ও যুক্তরাষ্ট্র বাহিনীর সাজোঁয়া যানের সংঘর্ষে কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে। এ ঘটনার জন্য দুই দেশের সরকার একে অপরকে দোষারোপ করেছে।
বিবিসি জানায়, রাশিয়ার জাতীয় ওয়েবসাইট রুশভেসনা ডটএসইউ-তে এ সংঘর্ষের ভিডিও সম্প্রচার করা হয়েছিল। পরে টুইটারে ভিডিওটি ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, মরুভূমির মধ্যে রাশিয়ার সামরিক যানের বহরের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সাঁজোয়া যানের ধাক্কা লাগে। ওই সময় সেখানে আকাশে বেশ খানিকটা নিচ দিয়ে উড়ছিল একটি রুশ হেলিকপ্টার।
সিরিয়ায় রুশ-মার্কিন সামরিক যানের এই সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে বুধবার। মার্কিন সাজোঁয়া যানের সেনারা সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
রাশিয়া বলছে, তাদের সেনাদের টহল বাধাগ্রস্ত করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই এলাকায় রুশ সামরিক বাহিনী টহল দেবে- একথা মার্কিন সামরিক বাহিনীকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরও তারা সেটি মানেনি।
যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেনারা রাশিয়ার সেনাদের টহল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে বলে রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে।
ওদিকে, যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা বিবিসি’র অংশীদার সিবিএস নিউজকে বলেছেন, রাশিয়া বাহিনী একটি ‘নিরাপদ এলাকা’ থেকে দূরে থাকতে রাজি হওয়ার পরও সেখানে ঢুকে পড়েছিল।
হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) বলছে, রাশিয়ার সামরিক যান যুক্তরাষ্ট্রের মাইন-প্রতিরোধী একটি যানে আঘাত করেছে। এতে যানটির ক্রুরা আহত হয়েছেন। মার্কিন সামরিক সূত্রে ৪ সেনা আহত হওয়ার কথা বলা হয়েছে।
সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদ সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া। আর মার্কিন সেনারা সমর্থন দিচ্ছে স্থানীয় কুর্দি যোদ্ধাদেরকে।
