২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোনের হাতে ‘আরও দায়িত্ব দিয়েছেন’ কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার বোন কিম ইয়ো-জংসহ কয়েকজন সহযোগীর হাতে আরও বেশি দায়িত্ব দিয়েছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2020, 10:38 PM

Updated : 08 Apr 2022, 01:14 AM

সংস্থাটি জানায়, উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী কিম জং-উন নিজের ওপর চাপ কমাতে নীতি নির্ধারণের বেশ কিছু দায়িত্ব দিয়েছেন তার বোন ও অন্যান্যদের ওপর।

কিমের বোন ইয়ো-জং এখন প্রকৃতপক্ষে দেশটির ‘দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি’ বলেই ধারণা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা।

সংস্থাটি বলছে, রাষ্ট্রের সার্বিক বিষয় এখন ইয়ো-জং দেখবেন। যদিও তাকে এখনও কিম জং-উনের উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হয়নি। তবে নীতি নির্ধারণের বিভিন্ন ইস্যুর মধ্যে কিম ইয়ো-জং এখন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত উত্তর কোরীয় নীতির নির্ধারক।

কিম জং-উন হয়ত উত্তর কোরিয়ার বিভিন্ন নীতির ব্যর্থতার দায় এড়ানোর জন্যও এই ক্ষমতা ভাগ করে থাকতে পারেন, বলছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা।

বিবিসি জানায়, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি রুদ্ধদ্বার ব্রিফিং চলার সময় গোয়েন্দা সংস্থাটি এসব কথা জানিয়েছে।

তবে অতীতে উত্তর কোরিয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্ত দেওয়ার নজির আছে দক্ষিণ কোরিয়ারে এই গোয়েন্দা সংস্থার। কয়েকজন বিশ্লেষকও এ গোয়েন্দা তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

এই বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে চলতি মাসে দেখা যায়নি কিমের বোনকে। ফলে কিম হয়ত তার বোনের ক্ষমতা কমিয়েছেন বলে জল্পনা সৃষ্টি হয় পর্যবেক্ষক মহলে।