পম্পেওর কটাক্ষে ডব্লিউএইচও প্রধানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস তার স্বাতন্ত্র্য ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর করা মন্তব্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
পম্পেও যুক্তরাজ্য সফরকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধানকে ‘চীনের কেনা লোক’ বলেছেন বলে বুধবার ব্রিটিশ গণমাধ্যমে খবর বের হওয়ার পর গেব্রিয়েসুস এই প্রতিক্রিয়া জানালেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, জেনেভায় বৃহস্পতিবার এক নিউজ ব্রিফিংয়ে পম্পেও’র ওই মন্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে গেব্রিয়েসুস বলেন, “তার (পম্পেও) মন্তব্য সঠিক নয়। তা মেনেও নেওয়া যায় না। এমন কথা ভিত্তিহীন।”
“আমাদের এই পুরো সংস্থা একটি দিকেই মনোনিবেশ করেছে, আর তা হচ্ছে মানুষের জীবন বাঁচানো। ওই সমস্ত মন্তব্যে ডব্লিউএইচও এই কাজে মনোযোগ হারাবে না। আন্তর্জাতিক সম্প্রদায় মনোযোগ হারাক তাও আমরা চাই না,” বলেন তিনি।
করোনাভাইরাসের এই চলমান সংকটে ‘মহামারীর রাজনীতিকরণই’ সবচেয়ে বড় হুমকি বলেও গেব্রিয়েসুস সতর্ক করে দেন। তিনি বলেন, “কোভিড-১৯ কোনও সীমানা, আদর্শ কিংবা রাজনৈতিক দল মানে না। তাই রাজনীতিকে এখন কোয়ারেন্টিনে রাখা উচিত।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর আগে করোনাভাইরাস সংকট সামাল দেওয়া নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নানা কটাক্ষ করেছেন। ডব্লিউএইচওকে ‘চীনঘেঁষা’, ‘চীনের পুতুল’ বলেছিলেন তিনি।
এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ব্যক্তিগতভাবে এই সংস্থার প্রধানকেই আক্রমণ করে ‘তিনি চিনের কাছে বিক্রি হয়ে গেছেন’ বলে মন্তব্য করে বসেছেন। যুক্তরাজ্যে গত মঙ্গলবার এক রুদ্ধদ্বার বৈঠকে পম্পেও এ মন্তব্য করেন।
সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসন আসলে করোনাভাইরাস পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে তাদের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা নিয়েছে।
