ইরানে করোনাভাইরাসে একদিনে রেকর্ড মৃত্যু
নতুন করে করোনাভাইরাস সংক্রমণে বিপর্যস্ত ইরান।সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে রেকর্ড ২২৯ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের এ সংখ্যা জানিয়েছে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইরানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল গত ৯ জুলাই, ২২১ জন।
আবার নতুন রেকর্ড মৃত্যু নিয়ে ইরানে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৩৪ জনে দাঁড়াল বলে রাষ্ট্রীয় টিভিতে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি।
নতুন করে আরও মানুষের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়া নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৭৮,৮২৭ জনে পৌঁছেছে বলেও জানান তিনি।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানই করোনাভাইরাসে সবচেয়ে পর্যদুস্ত হয়েছে। ধুঁকতে থাকা অর্থনীতি সচল করতে এপ্রিলের মধ্যভাগ থেকে ইরানে বিধিনিষেধ শিথিল হতে শুরু করার পর থেকে সেখানে এখন আবার সংক্রমণ লাফিয়ে বাড়তে শুরু করেছে।
মহামারীর দ্বিতীয় পর্যায়ে ভাইরাসের তীব্র প্রকোপ মোকাবেলায় হিমশিম খাচ্ছে দেশটি। হাসপাতালগুলো দ্রুতই রোগীতে ভর্তি হয়ে যাচ্ছে।চিকিৎসাকর্মীও পর্যাপ্ত নেই।
অবস্থাদৃষ্টে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গত সপ্তাহেই আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রোগীর সংখ্যা দুই কোটি ৫০ লাখে দাঁড়াতে পারে।
নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় বদ্ধ জনসমাগম স্থানগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করছে ইরান সরকার। রাজধানী তেহরানসহ সংক্রমণ বেশি থাকা প্রদেশগুলোতে ফের বিধিনিষেধ আরোপের অনুমতিও দিয়েছে কর্তৃপক্ষ।
