দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মন্দার মুখে জাপান
করোনাভাইরাস সঙ্কট জাপানের অর্থনীতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মন্দার দিকে ঠেলে দিয়েছে।
দেশটিতে অর্থনৈতিক ক্ষতি বাড়ছে। জুন পর্যন্ত টানা চার মাসে জাপানে দুই অঙ্কের বেশি হারে কমেছে রপ্তানি।
রপ্তানি কমতে থাকায় কেবল জাপানেই নয় এর বাইরের বিশ্বেও দীর্ঘমেয়াদে অর্থনৈতিক মন্দা দেখা দেওয়া ঝুঁকি সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রে জাপানি পণ্য রপ্তানি নতুন করে প্রায় অর্ধেকে নেমে এসেছে। চাহিদা কমে যাওয়ায় গাড়ি, গাড়ির যন্ত্রাংশ ও বিমানের ইঞ্জিন রপ্তানি কমেছে।
চীনেও রপ্তানি কমেছে। এতে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির শক্তিশালী চালিকাশক্তি মুখ থুবড়ে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
জাপানের অর্থমন্ত্রণালয়ের সোমবার প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, একবছর আগের তুলনায় এবছর জুনে জাপানের রপ্তানি কমে হয়েছে ২৬.২%। যা রপ্তানিতে ২৪.৯ শতাংশ ধসের চেয়েও বেশি। ২০০৯ সালের সেপ্টেম্বরের পর জাপানে গত মে মাসে রপ্তানির হার সবচেয়ে কমে দাঁড়িয়েছিল ২৮.৩ শতাংশে। এরপর তা আরও কমতেই দেখা যাচ্ছে।
করোনাভাইরাসের কারণে বিশ্বের বহু দেশ লকডাউনে যাওয়ায় গত মার্চ মাস থেকেই গাড়ি ও অন্যান্য জিনিসের চাহিদা কমেছে। এখন অনেক দেশই আবার লকডাউন থেকে বেরিয়ে আসতে শুরু করলেও রাতারাতি পণ্যের চাহিদা বেড়ে জাপানের রপ্তানি বাণিজ্য চাঙ্গা হওয়ার আশা ক্ষীণই মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।
কারণ, যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিলের মতো বড় বড় অর্থনীতির দেশগুলোতে আবারো করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে।
জাপানের মেইজি ইয়াসুদা গবেষণা প্রতিষ্ঠানের প্রধান অর্থনীতিবিদ ইউইচি কোদামা বলেন, “চলতি প্রান্তিকে অর্থনীতি যে বড় ধরনের ধসের মধ্য দিয়ে যাচ্ছে তা একরকম নিশ্চিত।” তিনি বলেন, “জাপান পুরোদস্তুর মন্দার মধ্য দিয়ে যাচ্ছে।”
আগামী মাসগুলোতে অবস্থা আরও শোচনীয় হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
