‘প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন’, পেলোসি-বোল্টনের কটাক্ষের মুখে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাজনৈতিক অঙ্গনে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দু’দিক থেকেই তীব্র আক্রমণের শিকার হয়েছেন।
ট্রাম্প দেশ চালানোর যোগ্য নন বলে কটাক্ষ করেছেন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি এবং সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন দু’জনই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হতে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহায়তা চেয়েছিলেন দাবি করে নতুন বই লিখেছেন বোল্টন।বইতে তিনি ট্রাম্পের কাজকর্মে নানা ভুল-ত্রুটির অভিযোগও করেছেন।
বৃহস্পতিবার এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বোল্টন বলেন, “তিনি প্রেসিডেন্ট পদের যোগ্য বলে আমি মনে করি না।”
তার সঙ্গে একমত প্রকাশ করে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসিও এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টতই নৈতিক এবং বুদ্ধিবৃত্তিক দিক থেকেও এই পদের যোগ্য নন।”
বোল্টন তার বইয়ে যেসব অভিযোগ করেছেন তা শোনার জন্য তাকে কংগ্রেসে সাক্ষ্য দিতে ডাকা হবে কিনা তা নিয়ে অন্যান্য ডেমোক্র্যাট সদস্যদের সঙ্গে আলোচনা করছেন বলে জানিয়েছেন পেলোসি।
বোল্টন কংগ্রেসে সাক্ষ্য দিলে ট্রাম্পের দক্ষতার বিষয়টি নিয়ে বিতর্ক এমন একটি সময়ে সামনে চলে আসবে যখন সামনে ৩ নভেম্বরেই রয়েছে প্রেসিডেন্ট নির্বাচন, আর সেই নির্বাচনের প্রস্তুতি পর্যায়ে প্রতিপক্ষ জো বাইডেনের চেয়ে ট্রাম্প পিছিয়ে আছেন।
