করোনাভাইরাস: কিছু বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা ফ্রান্সের
করোনাভাইরাস মহামারী মোকাবেলায় দেশজুড়ে জারি করা বিধিনিষেধের মধ্যে কয়েকটি তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
সোমবার থেকে ফ্রান্সজুড়ে ক্যাফে ও রেস্তোরাঁ খোলা যাবে এবং ইউরোপের অন্যান্য দেশে ভ্রমণেরও অনুমতি দেওয়া হবে, ম্যাক্রোঁর ঘোষণায় এমনটি বলা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
এদিন থেকে লোকজন বৃদ্ধনিবাসে থাকা পরিবারের সদস্যদের দেখতে যেতে পারবেন। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে এই বৃদ্ধনিবাসগুলোতে বহু লোকের মৃত্যু হয়।
টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স তার ‘প্রথম বিজয়’ অজর্ন করেছে; কিন্তু ভাইরাস আবার ফিরে আসতে পারে বলে সতর্কও করেছেন।
চলতি মাসের প্রথমদিকে ফ্রান্সের কয়েকটি অংশে সামাজিক দূরত্ব বিধি কার্যকর রেখে রেস্তোরাঁ, হোটেল ও ক্যাফে খোলার অনুমতি দেওয়া হয়েছিল।
সোমবার থেকে প্যারিস অঞ্চলের জন্যও এমন অনুমতি কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন ম্যাক্রোঁ। ফ্রান্সের এই রাজধানী শহরেই দেশটির সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
হাই স্কুলগুলো বাদে অন্যান্য স্কুল ২২ জুন থেকে খুলবে বলেও জানিয়েছেন তিনি।
ম্যাক্রোঁ বলেছেন, “এর মানে এই নয় যে ভাইরাসটি চলে গেছে আর আমরা আমাদের সব সতর্কতা ঝেড়ে ফেলতে পারবো। ২০২০ সালের গ্রীষ্ম অন্য কোনো গ্রীষ্মের মতো হবে না এবং মহামারী আরও শক্তিশালী হয়ে ফিরে আসে কি না তার প্রস্তুতি নেয়ার জন্য এর বিবর্তনের দিকে আমাদের খেয়াল রাখতে হবে।”
করোনাভাইরাসে ফ্রান্সে ২৯ হাজার ৪০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে এবং দেশটিতে শনাক্ত আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৪ হাজার ছাড়িয়ে গেছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে নতুন সংক্রমণের সংখ্যা হ্রাস পেয়েছে।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্রথম ১৭ মার্চ থেকে ফ্রান্সজুড়ে কঠোর লকডাউন জারি করেছিলেন। ১১ মে সতর্কভাবে কিছু বিধিনিষেধ শিথিল করার আগ পর্যন্ত ওই পরিস্থিতি বজায় ছিল।
সোমাবার থেকে ইউরোপের অনেকগুলো দেশ ইইউভুক্ত দেশগুলোর জন্য তাদের সীমান্ত ফের খুলে দিচ্ছে।
