২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণবাদ নিয়ে প্রতিবাদের মধ্যে পুলিশের পাশে ট্রাম্প, বরাদ্দ কাটছাঁট নাকচ

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার পর থেকেই পুলিশের নিমর্মতা এবং বর্ণবাদ নিয়ে প্রতিবাদ-বিক্ষোভের আবহের মধ্যেও এর কোনো তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগের পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পুলিশের তহবিল বরাদ্দেও কোনো কাটছাঁট হবে না বলে জানিয়েছেন তিনি।

নিউ ইয়র্ক টাইমস

>>দ্য

নিউ ইয়র্ক টাইমস

Published : 10 Jun 2020, 08:49 PM

Updated : 08 Apr 2022, 12:54 AM

যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশ ব্যবস্থা সংস্কারের দাবি উঠেছে, স্লোগান উঠেছে রাজ্য ও নগর পর্যায়েও পুলিশ বিভাগে তহবিল বরাদ্দ কমানোর।

এর ঠিক উল্টো সুরে ট্রাম্প বলছেন, “আমাদের কোনও পুলিশ বিভাগ ভেঙে ফেলা হবে না, কমানো হবে না পুলিশের বাজেটও।’’ গত সোমবার হোয়াইট হাউজে দেশের আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি।

আমেরিকার পুলিশ বিভাগে অনেক আগে থেকেই নানা সমস্যা বিরাজ করছে- এ বিষয়টিও ট্রাম্প অস্বীকার করেছেন। উপরন্তু পুলিশের প্রসংশা করে তিনি বলেছেন, দেশের ৯৯.৯ শতাংশ পুলিশ কর্মকর্তাই “অসাধারণ মানুষ”। তারা দারুণ কাজ করছেন। নাগরিকদের নিরাপত্তা রক্ষায় নিজের জীবন বাজি রেখে কাজ করছেন তারা।

ট্রাম্প বলেন, “পুলিশের জন্যই আমরা শান্তিতে বাস করতে পারছি।” তবে পুলিশের বিরুদ্ধে বর্বরতার যে অভিযোগ উঠছে সে প্রসঙ্গে তার জবাব, ‘‘পুলিশ বিভাগে যাতে কোনও খারাপ কর্মকর্তা না থাকেন সেটি আমদের নিশ্চিত করতে হবে।”

মিনেসোটার মিনিয়াপোলিসে গত ২৫ মে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা হাটুর চাপে দমবন্ধ হয়ে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী প্রতিবাদ-বিক্ষোভের ঝড় ওঠে।

যুক্তরাষ্ট্রে বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস সিটি কাউন্সিল গত রোববার স্থানীয় পুলিশ বিভাগ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। ডেমোক্র্যাটরাও যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশ বিভাগে পরিবর্তন আনতে আমূল সংস্কার আইনের প্রস্তাব করেছেন।

ডেমোক্র্যাটরা পুলিশের ক্ষমতা কমানো এবং কাজের ক্ষেত্রে নতুন নীতিমালা চান। তবে পুলিশের তহবিল বরাদ্দ কমানোর বিষয়টি সমর্থন করেছেন খুব কম জনই।

ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন পুলিশ ব্যবস্থায় সংস্কার জরুরি বলে মত দিলেও তিনিও প্রেসিডেন্ট ট্রাম্পের মতো পুলিশে তহবিল বরাদ্দ কমানোর দরকার নেই বলেই মনে করেন।