২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দূরত্ব বিধি মেনেই মে দিবসে সোচ্চার বিশ্বের শ্রমিকরা

করোনাভাইরাস ঠেকাতে লকডাউনের কড়াকড়ি মধ্যেও বিশ্বব্যাপী মে দিবসে শ্রমিকরা তাদের অধিকার আদায়ে সোচ্চার হয়েছে। তবে এবারের চিত্র একেবারেই অন্য রকম। কোনো জমজমাট মিছিল বা জমায়েত নয় বরং সীমিত আকারে সামাজিক দূরত্ব বিধি মেনেই দিবসটি পালিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2020, 11:16 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

করোনাভাইরাসে লকডাউনের কারণে থমকে গেছে খেটে খাওয়া মানুষদের জীবন। গোটা বিশ্বেই কাজ হারিয়েছে বহু মানুষ৷ অনেকেরই চাকরি নেই, পর্যাপ্ত সুরক্ষা উপকরণ নেই। এশিয়ার ক্ষতিগ্রস্তদের মধ্যে একটা বড় অংশ পোশাক শিল্পের কর্মী৷ কর্মপরিবেশ, বেতন, ভাতার দাবিতে তারা এ সময় বড় কোনো প্রতিবাদ-সমাবেশও করতে পারছে না৷

তাই এবারের মে দিবস শ্রমিকদের জন্য অনেকটাই ভিন্ন৷ তারপরও করোনাভাইরাস সঙ্কটের এই সময়ে এ দিবসটিতে একজোট হয়ে সংহতি প্রকাশ করাটা অনেকেই অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসাবেই দেখছেন।

গ্রিসের রাজধানী এথেন্সে শুক্রবার মাস্ক, গ্লাভস পরে শত শত শ্রমিক পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে ছয় ফুট দূরত্ব বজায় রেখে বিক্ষোভ করেছে। ড্রোন থেকে তোলা ছবিতে দেখা গেছে, প্রত্যেকেই দাগ কাটা ঘরে দাঁড়িয়ে সঠিকভাবে দূরত্ব রক্ষা করেছে।

তাদের হাতে ছিল লেবার ইউনিয়নের লাল, সাদা, নীল পতাকা। বিক্ষোভকারীদের অনেকেরই মুখের মাস্কে লেখা ছিল “বন্ধ মুখেরও একটি কন্ঠ আছে” স্লোগান।

ওদিকে, স্পেনের শ্রমিক সংগঠন বাইরে বিক্ষোভ-সমাবেশ করার আবেদনে সাড়া না পাওয়ায় এবং লকডাউনের কড়াকড়ির ফাঁক গলে কিছু করার সুযোগ না থাকায় অনলাইনেই প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি নেয়। তাছাড়া, দেশটির গাড়ি উৎপাদনের একটি শহরে সামাজিক দূরত্বের নিয়ম মেনে একজন একজন করে শ্রমিকের গাড়ি চালিয়ে প্রতিবাদ করার অভিনব পন্থা নেওয়া হয়।

জার্মানিতেও অনলাইন কিংবা স্থানীয় রেডিও স্টেশনে ভাষণ, মিউজিক প্রচার করে মে দিবস পালন করা হয়েছে। ৭০ বছরের মধ্যে এই প্রথম দেশটিতে রাস্তায় বড় সভা-সমাবেশ, মিছিল ছাড়াই পালিত হয়েছে দিবসটি৷ জার্মান ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (ডিজিবি) ও সামাজিক গণতন্ত্রী পার্টি (এসপিডি) অনলাইনে অনুষ্ঠান করেছে৷

চেক প্রজাতন্ত্রে গাড়ির হর্ন বাজিয়ে এবং ফ্রান্সে বাড়ির বারান্দা থেকে গান গেয়ে অধিকার আদায়ের কথা বলা হয়েছে৷ কর্মক্ষেত্রে মাস্ক সরবরাহ, স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা অথবা চাকরি হারানোদের সরকারি সাহায্য দেওয়ার দাবি তোলা হয়েছে৷

রাশিয়াতেও অন্যান্য বছরের মতো এবার ছিল না জমকালো কোনো আয়োজন। মে দিবস পালিত হয়েছে সীমিত পরিসরের আয়োজনে। সামাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক মানুষ সমোবেশে যোগ দিয়েছে।

১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে উপযুক্ত মজুরি এবং দৈনিক আট ঘণ্টার বেশি কাজ না করার দাবিতে রক্তক্ষয়ী আন্দোলন করেছিল শ্রমিকরা। মে মাসের প্রথম দিন থেকেই শুরু হয়েছিল সে আন্দোলন।

পরের বছর প্যারিসের আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে দিনটিকে মে দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হওয়ার পর থেকে প্রতিবছরই দিবসটি পালিত হয়ে আসছে।