২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অনলাইনে বিয়ের ব্যবস্থা চালু করছে নিউ ইয়র্ক

করোনাভাইরাসের কারণে যাদের বিয়ে আটকে গেছে সেই জুটিরা এবার খুব শিগগিরই গাঁটছড়া বাঁধার সুযোগ পাচ্ছেন। বিয়ের ব্যবস্থা চালু হচ্ছে অনলাইনেই। নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো এমন একটি আদেশে এরই মধ্যে সই করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2020, 12:59 AM

Updated : 25 Jul 2022, 07:01 PM

অনলাইনেই এখন থেকে হয়ে যাবে সমস্ত কাজ। রাজ্যের বাসিন্দারা দূরে থেকেই বিয়ের সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা যাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

শনিবার দৈনিক এক ব্রিফিংয়ে নিউ ইয়র্কের গভর্নর কুমো এই নতুন ব্যবস্থার ঘোষণা দেন। মজা করে তিনি বলেন, এখন থেকে কেউ আর বিয়ে না করার কোনো ‘অজুহাত’ দেখাতে পারবে না, “আপনারা এখন এটি জুমেই করতে পারেন, হ্যাঁ কি না?”

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ১৫ মে পর্যন্ত লকডাউন বাড়ার পর অনলাইনে বিয়ের এ ব্যবস্থা নেওয়া হল।

কেবলমাত্র নিউ ইয়র্কেই ১৩ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছে। এ পরিস্থিতিতে সামাজিক দূরত্বের বিধি মেনে চলার মধ্যে আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবরা কোনো বিয়েতে সামিল হতে পারছেন না। ফলে বিয়ের অনুষঠান করার কোনো মানে হয়? জাগছে এমন প্রশ্নই।

করোনাভাইরাস মহামারী গোটা বিশ্বজুড়েই মানুষের বিয়ে থেকে শুরু করে শেষকৃত্য, বেবি শাওয়ার, গ্র্যাজুয়েশন সিরেমোনি- সব বড় বড় আয়োজনই স্তব্ধ করে দিয়েছে।

লকডাউনের কারণে গত মার্চ থেকে নিউ ইয়র্কের বেশির ভাগ বিয়ে রেজিস্ট্রি অফিস বন্ধ হয়ে গেছে। গত কয়েক সপ্তাহে কোনো বিবাহ সার্টিফিকেটও ইস্যু হয়নি।

তবে কিছু মানুষ তাদের বিশেষ বিশেষ দিন উদযাপন করতে এরই মধ্যে অনলাইনের দিকে ঝুঁকেছে। এবার তাতে যোগ হচ্ছে বিয়ের বিষয়টিও। যদিও এ প্রক্রিয়া কখন থেকে শুরু হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি গভর্নর কুমোর ব্রিফিংয়ে।

তবে নিউ ইয়র্কই প্রথম নয়, যুক্তরাষ্ট্রের ওহাইওর একটি কাউন্টি এবং কলরাডোতে এরই মধ্যে এমন পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।

তাছাড়া, অন্য দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) সম্প্রতি তাদের নাগরিক ও বসিন্দাদের জন্য অনলাইনে বিয়ের ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে।