২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের পাল্টায় এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সমর্থন আবের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনাভাইরাস মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ব্যর্থতার কথা তুলে তহবিল বন্ধের পরই এবার এর পাল্টায় করোনাভাইরাস ঠেকানোর প্রচারে ভূমিকার জন্য সংস্থাটিকে সমর্থন জানালেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Apr 2020, 12:24 AM

Updated : 08 Apr 2022, 12:39 AM

তার কথায়, একমাত্র ডব্লিউএইচও-ই আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান হিসাবে মহামারীর বিষয়টি তুলে ধরায় ভূমিকা রাখতে পারে।

“আমাদেরকে এই সময়ে ডব্লিউএইচও-কে দৃঢ় সমর্থন দিতে হবে”, বলেন তিনি।

ট্রাম্প এর একদিন আগেই এ সংস্থাটির বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তোলার পাশাপাশি বলেছিলেন, চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সংস্থাটি ভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য ‘গোপন করেছিল’

এই বিশ্ব সংস্থাকে জবাবদিহিতায় আনারও দাবি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই শুক্রবার এর একেবারে বিপরীত কথা বললেন জাপানের প্রধানমন্ত্রী আবে।

ট্রাম্পের সঙ্গে উষ্ণ সম্পর্ক থাকা শিনজো আবে অবশ্য তার বক্তব্যে মার্কিন প্রেসিডেন্টের কোনো সমালোচনা করেননি।

তবে ডব্লিউএইচও’তে কিছু সংস্কার করার কথা বিবেচনা করে দেখার যে আহ্বান জি-৭ নেতারা জানিয়েছেন, তাতে সায় দিয়েছেন জাপানের নেতারা।

ডব্লিউএইচও নিয়ে নানা মত আছে বলে শিনজো আবে উল্লেখ করেন। তবে জাপান এ সংস্থায় তহবিল কমাবে না বলেই আশ্বস্ত করেন তিনি।