নিউজিল্যান্ডে ঢুকলেই আইসোলেশনে ১৪ দিন
নিউজিল্যান্ডে প্রবেশ করামাত্র প্রত্যেককে ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে। করোনাভাইরাস রুখতে এ কড়া ব্যবস্থার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন।
শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “রোববার মধ্যরাত থেকে নিউজিল্যান্ডে প্রবেশ করা প্রায় প্রত্যেককে ১৪ দিনের জন্য ‘সেলফ আইসোলেশনে’ থাকতে হবে।” সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ পদক্ষেপ ১৬ দিনের মধ্যে পর্যালোচনা করবে।
নতুন এ পদক্ষেপ নিউজিল্যান্ডে ফেরত আসা নাগরিকদের জন্যও প্রযোজ্য হবে বলে জানান জেসিন্ডা। তবে এক্ষেত্রে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অধিবাসীরা ছাড় পাবেন। কারণ,সেখানে এখন পর্যন্ত কারো ভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা শোনা যায়নি।
করোনাভাইরাস প্রতিরোধে নেওয়া নতুন এ ব্যবস্থা বিশ্বে সবচেয়ে কঠোর বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন,“আমি কোনো ক্ষমা চাইছি না।কারণ,নজিরবিহীন একটা সময় যাচ্ছে।”
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ৬ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
দেশটির প্রধানমন্ত্রী তার ঘোষণায় এও বলেছেন যে, ৩০ জুন পর্যন্ত কোনো প্রমোদতরীকে নিউজিল্যান্ডে ভিড়তে দেওয়া হবে না। তবে আকাশপথে এবং জাহাজে করে জরুরি পন্য সরবরাহ স্বাভাবিকভাবেই চলবে।
তিনি বলেন,“নতুন বাধানিষেধের আওতায় পড়বে মানুষ,পণ্য নয়। প্রয়োজন না পড়লে কেউ বিদেশেও ভ্রমণ করবেন না। কিছু সময়ের জন্য নিজের গৃহকোণটিই উপভোগ করুন। করমর্দন,কোলাকুলি ও নাকে নাক ঘষে অভিবাদন জানানো পরিহার করুন।”
