২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসী শ্রমিককে হ্যান্ড স্যানিটাইজার সাজিয়ে সমালোচনায় সৌদি আরামকো

মুখে মাস্ক পরা এক অভিবাসী শ্রমিককে গায়ে বিশাল এক হ্যান্ড সানিটাইজার মেশিন চাপিয়ে দাঁড় করিয়ে রাখার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2020, 07:04 PM

Updated : 10 Oct 2022, 07:02 PM

ওই শ্রমিককে ভবনের ভেতরে বাইরে স্টাফ সদস্যদেরকে স্যানিটাইজার সরবরাহ করতে দেখা গেছে।

আল জাজিরা জানায়,টুইটার ব্যবহারকারীরা এ ছবি দেখে সমালোচনা করে এ ঘটনাকে ‘বর্ণবাদী’ এবং ‘বৈষম্যমূলক’ বলেছেন। আবার কেউ একে ‘দাসপ্রথার নতুন সংস্করণ’ বলে কটাক্ষ করেছেন।

“এ ধারণার নেপথ্যে যিনি রয়েছেন তার মস্তিষ্কই আগে স্যানিটাইজ করা প্রয়োজন” বলেছেন কেউ কেউ।

এমন নিন্দা-সমালোচনার মুখে সৌদি আরামকো মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে অভিবাসী ওই কর্মীর প্রতি এমন অবমাননাকর আচরণের জন্য খুবই অসন্তোষ প্রকাশ করে বলেছে,কোম্পানির সংশ্লিষ্ট বিভাগের অনুমতি না নিয়েই এমনটি করা হয়েছে।

Image
ছবি: টুইটার

ছবি: টুইটার

তবে এটি কাউকে খাটো করা নয় বরং স্যানিটাইজারের গুরুত্ব তুলে ধরতেই করা হয়েছে বলেও জানায় কোম্পানিটি।সেইসঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারেও কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানায় তারা।

আরামকোর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় এক টুইটার ব্যবহারকারী বলেছেন,“জনসাধারণের কাছে নয়, বরং ভুক্তভোগী ওই অভিবাসী শ্রমিকের কাছেই কোম্পানিটির ক্ষমা চাওয়া উচিত।”

মানবাধিকার রেকর্ড এবং অভিবাসী শ্রমিকদের প্রতি আচরণের জন্য সৌদি আরব সমালোচিত হয়ে আসছে। গালফ কোঅপারেশন কাউন্সিল ব্লকভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত,কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমানসহ ওই অঞ্চলজুড়ে বহু অভিবাসী শ্রমিক হিসেবে কাজ করেন।