শর্তসাপেক্ষ বন্দি মুক্তির নির্দেশ প্রত্যাখ্যান করল তালেবান
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি শর্তসাপেক্ষে এক হাজার ৫০০ তালেবান বন্দি মুক্তির যে ডিক্রি ঘোষণা করেছেন তা প্রত্যাখ্যান করেছে তালেবান গোষ্ঠী।
তালেবান সশস্ত্র গ্রুপের মুখপাত্র সুহাইল শাহীন বুধবার বলেছেন, “বন্দি মুক্তির এ নির্দেশ গত মাসে দোহায় স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তির বিরুদ্ধে।”
তিনি বলেন, “শান্তি চুক্তিতে এটি যথাযথভাবে ব্যাখ্যা করা আছে যে, প্রথম ৫ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হবে এবং তারপর আফগান সংলাপ শুরু করা হবে।”
“আমরা কখনো শর্তসাপেক্ষে কোনো বন্দি মুক্তিতে রাজি হইনি। কেউ যদি এমন দাবি করে তাহলে তা ২৯ ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত শান্তি চুক্তির বিপরীতে যাবে।”
মুক্তির পর ‘যুদ্ধক্ষেত্রে ফিরবে না এমন লিখিত শর্ত’ দিতে রাজি সব তালেবান বন্দির ক্ষেত্রেই প্রেসিডেন্ট গনির ডিক্রি প্রযোজ্য বলে জানিয়েছে বিবিসি।
এর বিনিময়ে তালেবানেরও তাদের হাতে বন্দি এক হাজার আফগান সেনাকে হস্তান্তর করার কথা ছিল।
সশস্ত্র এ গোষ্ঠীর সঙ্গে কয়েক সপ্তাহ আগে করা একটি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সেনাদের ফিরিয়ে নেয়া শুরু করেছে; এরমধ্যেই এ বন্দি বিনিময়ের ডিক্রি ঘোষণা করেন প্রেসিডেন্ট গনি।
এ ডিক্রি অনুযায়ী, কাবুলের আগামী ১৫ দিনের মধ্যে দেড় হাজার তালেবান বন্দিকে ছেড়ে দেওয়ার কথা।
“প্রতিদিন আফগানিস্তানের জেলখানা থেকে ১০০ করে বন্দি ছাড়া পাবেন,” ডিক্রিতে এমনটাই বলা হয়েছে।
