২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস আক্রান্ত নন পোপ ফ্রান্সিস

রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে তিনি করোনাভাইরাস আক্রান্ত নন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2020, 06:21 PM

Updated : 08 Apr 2022, 12:25 AM

ইতালির একটি পত্রিকা মঙ্গলবার এ খবর জানিয়েছে।তবে ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি এ খবরের ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

পোপের শারীরিক অবস্থা কয়েকদিন ধরেই ভাল যাচ্ছিল না।ঠান্ডাজনিত সমস্যায় ভূগছিলেন তিনি। অনেকেই তাকে অবিরাম হাঁচি দিতে এবং কাশতে দেখেছেন।

অসুস্থতার কারণে গত সপ্তাহে প্রথমবারের মত পোপ বাতিল করেছিলেন রোমের একটি ধর্মীয় অনুষ্ঠানও। আচমকা এক ঘোষণায় বাড়ি থেকেই সব নিয়মাবলি পালন করে সবার সঙ্গে থাকবেন বলে জানিয়েছিলেন তিনি।

এর পর থেকেই পোপ করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে ইতালি।এমন সময়ে ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শরীরেও তা বাসা বেঁধেছে কিনা, সে আশঙ্কা মোটেও অমূলক ছিল না।

এরপরই পোপের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। তাতেই ফল নেতিবাচক এসেছে বলে মঙ্গলবার জানিয়েছে ইতালির মেসাগেরো পত্রিকা।

সোমবার ইতালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫২ জনে দাঁড়িয়েছে। এর আগের দিনই যে সংখ্যা ছিল ৩৪। আর দেশটিতে এ ভাইরাস আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। ইউরোপে এ দেশটিতেই করোনাভাইরাস সবচেয়ে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে।