করোনাভাইরাস: কোরিয়ায় তদন্তের মুখে ধর্মীয় গোষ্ঠীর নেতা
দক্ষিণ কোরিয়ায় নভেল করোনাভাইরাসে কয়েকজনের মৃত্যুর ঘটনায় নরহত্যার অভিযোগে তদন্তের মুখে পড়েছেন একটি ধর্মীয় গোষ্ঠীর নেতা।
ক্ষুদ্র একটি খ্রিষ্টান সম্প্রদায় শিনচিওঞ্জি চার্চের প্রতিষ্ঠাতা লি মান-হিসহ অন্য আরও ১১ জনের বিরুদ্ধে এই অভিযোগ আনতে প্রসিকিউটরদের নির্দেশ দিয়েছে রাজধানী সিউলের শহর কর্তৃপক্ষ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ তারা তাদের সম্প্রদায়ে করোনাভাইরাস আক্রান্তদের নাম প্রকাশ না করে এ ভাইরাসের বিস্তার ঠেকানোর চেষ্টাকে বাধাগ্রস্ত করেছেন। কর্মকর্তারা করোনাভাইরাস রোগীদের শনাক্ত করার চেষ্টার সময় তারা ভাইরাস আক্রান্তদের নাম গোপন করেছেন।
চীনের পর দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস সংক্রমণ প্রকট আকার ধারণ করছে। দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ৭৩০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এতে মৃত্যু হয়েছে ২১ জনের।
ভাইরাস সংক্রমিত অর্ধেকের বেশিই শিনচিওঞ্জি চার্চের সদস্য।
কর্তৃপক্ষ বলছে, গতমাসে দক্ষিণাঞ্চলীয় দায়েগু শহরে এই সম্প্রদায়েরই একজন থেকে আরেকজনের মধ্যে ভাইরাস সংক্রমণ ঘটেছে। তারপরই তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে।
রোববার সিউল কর্তৃপক্ষ শিনচিওঞ্জি ধর্মীয় সম্প্রদায়ের ১২ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এতে তাদের বিরুদ্ধে নরহত্যা, ক্ষতিসাধন করা এবং সংক্রামক রোগ ও নিয়ন্ত্রণ আইন ভঙ্গের অভিযোগ করা হয়েছে।
বিবিসির সিউল বিষয়ক সংবাদদাতা বলেছেন, অভিযোগনামায় ওই ধর্মীয় সম্প্রদায়ের প্রতি বাড়তে থাকা জনরোষের প্রতিফলন ঘটেছে।
চার্চের ২ লাখ ৩০ হাজার সদস্যকে জিজ্ঞাসাবাদ করে বোঝার চেষ্টা করা হচ্ছে যে কীভাবে, কার সূত্রে তাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ঘটেছে। চার্চটির প্রায় ৯ হাজার জন করোনাভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে।
