২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরাক’ ছাড়ার নির্দেশ

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেমানি নিহতের ঘটনাকে কেন্দ্র করে ‘চরম উত্তেজনা’ বিরাজ করায় মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে বাগদাদের মার্কিন দূতাবাস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Jan 2020, 09:28 PM

Updated : 08 Apr 2022, 12:10 AM

শুক্রবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী কমান্ডার সোলেমানি। তার সঙ্গে নিহত হন ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসও।

এরপরই ইরান এ ঘটনার ভয়ঙ্কর প্রতিশোধের হুমকি দেওয়ায় উত্তেজনা বেড়েছে। এ পরিস্থিতিতেই শুক্রবার যুক্তরাষ্ট্র এক ভ্রমণ নির্দেশিকা ইস্যু করে সতর্কতা জারি করেছে এবং আমেরিকার নাগরিকদেরকে ইরাক ত্যাগ করতে বলেছে।

নির্দেশিকায় মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে, “সন্ত্রাস, অপহরণ এবং সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণে ইরাকে ভ্রমণ করবেন না।”

এতে আরো বলা হয়েছে “ইরাক এবং ওই অঞ্চলে টান টান উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন নাগরিকদেরকে ২০২০ সালের ভ্রমণ নির্দেশিকা মেনে চলা এবং অবিলম্বে ইরাক ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছে। মার্কিন নাগরিকদের সম্ভব হলে বিমানে ভ্রমণ করা উচিত। আর তা সম্ভব না হলে সড়ক পথে অন্য দেশে চলে যান।”

আমেরিকার নাগরিকদেরকে এমনকী বাগদাদের মার্কিন দূতাবাস কম্পাউন্ডেও যেতে মানা করা হয়েছে নির্দেশিকায়।

দূতাবাস জানিয়েছে, “মার্কিন দূতাবাস কম্পাউন্ডে ইরান সমর্থিত মিলিশিয়াদের হামলার কারণে সব পাবলিক কনসুলার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে। ফলে মার্কিন নাগরিকরা যেনো দূতাবাসে না যান।”

ইরাকের তেল সমৃদ্ধ দক্ষিণের শহর বসরার তেল কোম্পানিগুলোতে কাজ করা কয়েক ডজন মার্কিন নাগরিক শুক্রবারই ইরাক ছেড়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছে দেশটির তেল মন্ত্রণালয়।