হন্ডুরাসে কারাগারে দাঙ্গা, নিহত ১৮
মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ১৮ কয়েদি নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর টেলার ওই কারাগারে প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠীর মধ্যে প্রাণঘাতী এ দাঙ্গা হয় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সহিংসতা মোকাবেলায় দেশটির সরকার গত সপ্তাহেই কারা ব্যবস্থাপনায় জরুরি অবস্থা জারি করে সেগুলোর দায়িত্ব নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছিল।
সামরিক বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শুক্রবার দাঙ্গা বাধার আগ পর্যন্তও টেলার কারাগারটি আনুষ্ঠানিকভাবে তাদের হাতে হস্তান্তর করা হয়নি।
“রক্তক্ষয়ী এ কারাদাঙ্গায় এখন পর্যন্ত ১৮ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে,” স্থানীয় এক টেলিভিশনকে এমনটাই বলেছেন নিরাপত্তা সংস্থা ফুসিনার মুখপাত্র আন্তোনিও কোয়েলো।
ঘটনার পর থেকে কারাগারটির ভেতর নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
