হংকংয়ে বিক্ষোভ মোকাবেলায় চীনের ক্রাইসিস কমান্ড সেন্টার
হংকংয়ে চলমান বিক্ষোভ মোকাবেলায় সীমান্ত এলাকায় একটি ‘ক্রাইসিস
কমান্ড সেন্টার’ স্থাপন করেছে চীন। সেইসঙ্গে হংকংয়ে অবস্থিত চীনের
প্রধান লিয়াজো কর্মকর্তাকে বদল করার কথাও ভাবছে দেশটি।
হংকংয়ে ৫ মাস ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভ মোকাবিলায় চীন-হংকং সীমান্তবর্তী চীনের শেনজেন শহরের একটি ভিলা থেকে সবকিছু সামাল দিচ্ছিলেন চীনা নেতারা।
শেনজেন শহরেই হংকং লিয়াজোঁ অফিস মালিকানাধীন বাউহিনিয়া ভবনে ক্রাইসিস কমান্ড সেন্টারটি স্থাপন করা হয়েছে।
সাধারণত, চীন ও হংকংয়ের মধ্যে যোগাযোগ পরিচালিত হয় হংকংয়ে অবস্থিত চীন সরকারের লিয়াজোঁ অফিস ‘দ্য সেন্ট্রাল পিপলস গভার্নমেন্ট ইন হংকং’ থেকে। হংকংয়ের একটি বহুতল ভবনে সুরক্ষিত এ অফিসটি অবস্থিত।
হংকংয়ে চলমান বিক্ষোভ লিয়াজোঁ অফিস যেভাবে মোকাবেলা করছে তাতে চীন সন্তুষ্ট নয়। সেকারণেই অফিসের পরিচালক ওয়াং ঝিমিনকে বদল করার কথা ভাবছে চীন। ঝিমিন হচ্ছেন হংকংয়ে দায়িত্বরত চীনের সবচেয়ে ঊর্ধ্বতন রাজনৈতিক কর্মকর্তা।
লিয়াজোঁ অফিস হংকংয়ের ধনীদের পাশাপাশি সেখানে বাস করা চীনের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে জড়িয়ে গিয়ে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন এক চীনা কর্মকর্তা। তার মতে, এটি পরিবর্তন করা দরকার।
