জনগণের ‘মুখোমুখি হবে না’ বলিভিয়ার সেনাবাহিনী, চাপে মোরালেস
সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের বেশকিছু সদস্যের অংশগ্রহণ এবং জনগণের ‘মুখোমুখি হতে’ সেনাবাহিনীর নারাজি কয়েক সপ্তাহ ধরে চলমান সংকট সমাধানে দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেসের ওপর চাপ বাড়াচ্ছে।
‘বিভিন্ন সহিংস গোষ্ঠী মোরালেসের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে’ বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন মুভমেন্ট ফর সোশালিজম।
লাতিনের বামপন্থি নেতাদের কণ্ঠেও একই সুর শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভেনেজুয়েলা, কিউবা, মেক্সিকোর প্রেসিডেন্টদের পাশাপাশি আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী আলবার্তো ফার্নান্দেজ বলিভিয়ার সোশালিস্ট নেতা মোরালেসের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে সংকটের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিতে আহ্বান জানিয়েছেন।
লাতিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশিদিন ধরে ক্ষমতাসীন মোরালেস গত মাসের নির্বাচনেও জয়ী হয়েছেন। কিন্তু ভোট গণনার দেরিকে কেন্দ্র করে বিরোধীরা নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচনী ফল ঘোষণার পর থেকেই প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
শুক্রবার রাতে ও শনিবার স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কিছু সদস্যকেও এসব কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।
আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের বিক্ষোভ করতে এবং মোরালেসবিরোধী স্লোগান দিতে দেখেছেন রয়টার্সের প্রতিবেদকরাও।
এ ঘটনাকে অনেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরকারি নির্দেশ অমান্যের নমুনা হিসেবে দেখছেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
বিক্ষোভ নিয়ে শনিবার বলিভিয়ার সেনাবাহিনীর বিবৃতিও মোরালেসের ওপর চাপ বাড়িয়েছে।
“বলিভিয়ার সশস্ত্র বাহিনী কখনোই জনগণের মুখোমুখি হবে না, যাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা সবসময়ই মাতৃভূমির উন্নয়ন, শান্তি ও সহাবস্থান নিশ্চিতে কাজ করে যাবো,” বিবৃতিতে বলেছে তারা।
সেনাবাহিনীর এ অবস্থানের পর মোরালেসবিরোধী শিবিরে উল্লাস দেখা গেছে।
“আমরা আমাদের দেশের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত রচনার দিন ও ঘণ্টা পার করছি,” সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন অক্টোবরের নির্বাচনে মোরালেসের পেছনে থেকে দৌড় শেষ করা বিরোধী নেতা কার্লোস মেসা।
শনিবার বেশ কয়েকটি টুইটে মুভমেন্ট ফর সোশালিজমের নেতা মোরালেস তার বিরুদ্ধে বিরোধীরা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন।
বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কিছু পুলিশ সদস্য সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের সাংবিধানিক দায়িত্বকে ছুড়ে ফেলেছে বলে অভিযোগ করেছে।
মোরালেস পরে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করা চারটি দলকে জরুরি বৈঠকে ডাকলেও শনিবার বিকাল পর্যন্ত কেবল একটি দলই তাতে সাড়া দিয়েছে; অন্য দুটি দল প্রত্যাখ্যান করেছে।
সংকট সমাধানের লক্ষ্যে ভ্যাটিকান, জাতিসংঘ এবং অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) মতো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে আমন্ত্রণ জানানোর আগ্রহের কথাও প্রকাশ করেছেন তিনি।
মেসা এবং অপর জনপ্রিয় বিরোধীদলীয় নেতা লুইজ ফার্নান্দো কামাচো সরকারের এসব পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ অ্যাখ্যা দিয়ে মোরালেসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
“আমরা বলিভিয়ার সবাইকে একটি মাত্র কারণের পেছনে একত্রিত করতে চাই। আমরা প্রেসিডেন্ট ইভো মোরালেসের পদত্যাগ চাই,” বলেছেন কামাচো।
বলিভিয়ায় সরকারপন্থি ও বিরোধীদের মধ্যে একের পর এক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
সংকট নিরসনে সহিংসতা কাজে আসে না জানিয়ে এটি বন্ধেরও আহ্বান জানিয়েছে তারা।
বলিভিয়ায় বিরোধীদের ‘অভ্যুত্থানচেষ্টা’র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মোরালেসের ‘আলোচনার আহ্বানে’ সমর্থন ব্যক্ত করে বলিভিয়ার সব পক্ষকে বৈঠকে বসার পরামর্শ দিয়েছে।
