কর্মচারির সঙ্গে সম্পর্কের জেরে সিইও-কে বরখাস্ত করল ম্যাক ডোনাল্ডস
অধঃস্তন এক কর্মচারির সঙ্গে সম্পর্কে জড়িয়ে চাকরি হারিয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী স্টিভ এস্টারব্রুক।
যদিও উভয়ের সম্মতিতে ওই সম্পর্ক হয়েছে। কিন্তু তা যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় এই ফুড চেইন কোম্পানির নীতি বিরুদ্ধ।
ম্যাকডোনাল্ডস এর পক্ষ থেকে বলা হয়, তিনি ‘কোম্পানির নীতি লঙ্ঘন করেছেন এবং বিচারবিবেচনার ক্ষেত্রে খুবই অপরিপক্কতা দেখিয়েছেন’।
ম্যাকডোনাল্ডস এর কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে এস্টারব্রুক ওই সম্পর্কের কথা স্বীকার করে নিয়ে বলেন, ওটা একটা ভুল ছিল।
“কোম্পানির নীতিকে মূল্য দিতে আমিও পরিচালনা পর্যদের সঙ্গে একমত হয়েছি। আমার চলে যাওয়ার সময় হয়েছে।”
৫২ বছরের এস্টারব্রুকের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়েছে। তিনি ১৯৯৩ সালে লন্ডনে ম্যাকডোনাল্ডের ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। ধীরে ধীরে তিনি কোম্পানির শীর্ষ পদে পৌঁছান।
তিনি ২০১১ সালে একবার ম্যাকডোনাল্ডস ছেড়ে পিৎজা এক্সপ্রেসের প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছিলেন। তারপর তিনি এশিয়ার ফুড চেইন ওয়াগামামায় যোগ দেন। তবে দুই বছর পর তিনি আবার ম্যাকডোনাল্ডস এ ফিরে যান এবং কোম্পানিটির যুক্তরাজ্য ও উত্তর ইউরোপ অঞ্চলের প্রধান হিসেবে কাজ শুরু করেন।
২০১৫ সালে তিনি ম্যাকডোনাল্ডস এর প্রধান নির্বাহীর দায়িত্ব পান।
