এবার ফ্রান্সে ট্রাক থেকে ৩১ পাকিস্তানি উদ্ধার
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি লরিতে লুকিয়ে রাখা ৩১ পাকিস্তানি শরণার্থীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফরাসি কৌঁসুলিরা।
শনিবার তারা জানান, ইতালির সীমান্তবর্তী একটি সড়কে গত শুক্রবার নিয়মিত তল্লাশির সময় ওই পাকিস্তানিদের উদ্ধার করা হয়।
পাকিস্তানের পত্রিকা ‘দ্য ডন’ জানায়, এ ঘটনায় লরির চালককে আটক করা হয়েছে। চালক নিজেও পাকিস্তানি।
কিছুদিন আগেই যুক্তরাজ্যের সাসেক্সে একটি লরি থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। সবাই ভিয়েতনামের নাগরিক বলে মনে করছে ব্রিটেন।
সেই ঘটনার রেশ না কাটতেই ফ্রান্সের লরি থেকে ৩১ পাকিস্তানি উদ্ধারের এ খবর এল।
উদ্ধার পাওয়াদের মধ্যে তিন কিশোর রয়েছে। তাদের সবাইকে অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের কৌঁসুলিরা।
নিস শহরে কৌঁসুলিদের কার্যালয় থেকে বলা হয়েছে, “এ ঘটনায় জড়িত নেটওয়ার্ক এবং সংশ্লিষ্টদের আমরা চিহ্নিত করার চেষ্টা করব। এ ধরনের ক্ষেত্রে আমরা সবসময় যেটি করে থাকি।”
