সিরিয়ায় তুরস্ক-রাশিয়ার যৌথ সেনা মহড়া
তুরস্ক ও রাশিয়ার সেনারা সাঁজোয়া যান নিয়ে শুক্রবার প্রথমবারের মত সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে মহড়া দিয়েছে।
তুরস্ক সীমান্তবর্তী সিরীয় অঞ্চল থেকে কুর্দি ওয়াইপিজি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনীকে হটিয়ে দিতে তুরস্ক ও রাশিয়ার চুক্তির অংশ হিসেবে ওই মহড়া হয়।
সিরিয়ার সঙ্গে তুরস্কের ১২০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত অঞ্চল রয়েছে। ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করে যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ বাহিনী ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল।
তুরস্ক কুর্দিদের সন্ত্রাসী বলে বিবেচনা করে এবং দেশটির সরকার তাদের সীমান্ত থেকে কুর্দি বাহিনীকে সরিয়ে দিতে প্রথমে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় আসার চেষ্টা করেছি।
তাতে ব্যর্থ হয়ে গত ৯ অক্টোবর তুরস্ক এবং তুরস্কপন্থি সিরিয়ার বিদ্রোহী দলগুলো এসডিএফ’র বিরুদ্ধে অভিযান শুরু করে।
গত সপ্তাহে মস্কোর সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি করে আঙ্কারা। চুক্তিতে সীমান্ত থেকে সিরিয়ার অন্তত ৩০ কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত এলাকা এসডিএফ মুক্ত করার বিষয়ে একমত হয় তারা।
রয়টার্স টেলিভিশনে খবরে দেখা যায়, শুক্রবার তুরস্কের কয়েকটি সাঁজোয়া যান সীমান্ত পেরিয়ে সিরিয়ায় প্রবেশ করে এবং রাশিয়ার সঙ্গে যোগ দিয়ে সীমান্ত এলাকায় মহড়া দেয়। প্রায় চার ঘণ্টা পর সেগুলো ফেরত আসে।
তুরস্ক সীমান্ত থেকে রয়টার্স ওই ভিডিও ধারণ করেছে।
পরে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, “সিরিয়ার সীমান্তবর্তী শহর দারবাসিয়ায় আমাদের আকাশ ও স্থল বাহিনী মহড়া দিয়েছে।”
সেখানে পোস্ট করা ছবিতে সেনাদের ম্যাপ দেখতে দেখা যায়। ছবিতে চারটি সাঁজোয়া যান দেখা গেছে।
রাশিয়ার চারটি সাঁজোয়া যান এবং একটি ড্রোন ওই মহড়ায় অংশ নেয়।
