১৫ বিলিয়ন ডলার ঋণের শর্তে পরমাণু চুক্তিতে ফিরবে ইরান: ফার্স
চলতি বছরের মধ্যে তেলবিক্রির সমপরিমাণ ১৫ বিলিয়ন ডলার ঋণ পেলেই কেবল তেহরান পরমাণু চুক্তিতে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে ফিরতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের সহকারী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
চার বছর আগে ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত ওই চুক্তি বাঁচাতে ফ্রান্সের খসড়া পরিকল্পনাতেও এই ঋণ দেওয়ার প্রস্তাব ছিল।
ফরাসী পরিকল্পনা নিয়ে ইরানের ইতিবাচক অবস্থানের বিষয়টিই বুধবার আরাকচি নিশ্চিত করেছেন বলে ইরানি বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফ্রান্সের ওই প্রস্তাবে ইরানকে পরমাণু চুক্তিতে ফেরার বিনিময়ে চলতি বছর শেষের আগেই ১৫ বিলিয়ন ডলার ঋণ দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল; এমন পদক্ষেপে ওয়াশিংটন বাধা দেবে না বলেও নিশ্চয়তা দেওয়া হয়।
“পরমাণু চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে ফেরার বিষয়টি আগামী চার মাসের মধ্যে এক হাজার ৫০০ কোটি পাওয়ার উপর নির্ভর করছে; নাহলে যেভাবে ইরান চুক্তির প্রতিশ্রুতি থেকে সরছিল, তা অব্যাহত থাকবে,” আরাকচি এমনটাই বলেছেন বলে জানিয়েছে ফার্স।
ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের স্বাক্ষরিত ওই পরমাণু চুক্তি থেকে গত বছর যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেয় ও ইরানের ওপর পূর্ববর্তি সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করে, এতে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি খাত জোর ধাক্কা খায়।
চুক্তি বাঁচাতে ইউরোপীয় অংশীদাররা নানান চেষ্টা করলেও, অসন্তুষ্ট ইরান চলতি বছর চুক্তিটিতে দেওয়া একের পর এক প্রতিশ্রুতি থেকে সরতে শুরু করে।
“হয় ইউরোপকে আমাদের কাছ থেকে তেল কিনতে হবে, না হলে ইরানের তেল বিক্রির নিশ্চিত আয়ের সমপরিমাণ অর্থ ঋণ দিতে হবে। অন্যভাবে দেখলে একে তেলের আগাম বিক্রি ধরা যায়,” বলেছেন ইরানের সহকারী পররাষ্ট্রমন্ত্রী।
তেলবিক্রির সমপরিমাণ অর্থ ঋণ দেয়ার বদৌলতে চুক্তিতে ফিরতে চাইলেও ইরানের সঙ্গে পরমাণু চুক্তির অংশীদারদের ভবিষ্যৎ আলোচনার ‘বিষয়বস্তু নিয়ে গুরুতর মতবিরোধ’ রয়েছে বলেও আরাকচি জানিয়েছেন।
