ইতালিতে নতুন সরকার গড়ার পথে কন্তে, আরো একতার অঙ্গীকার
ইতালিতে সরকার পতনের এক সপ্তাহ পর নতুন জোট সরকার গড়ার পথে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী জুজেপে কন্তে। এবার দেশকে আরো বেশি একতাবদ্ধ করে তোলার অঙ্গীকার করেছেন তিনি।
বৃহস্পতিবার রাজনৈতিক দল ফাইভ-স্টার মুভমেন্ট এবং বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি (পিডি) কে নিয়ে একটি নতুন কোয়ালিশনের নেতৃত্ব দিতে কন্তেকে অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা।
এর আগে কন্তের আগের কোয়ালিশন সরকারের পতন হয়েছিল জোটের শরিক ডান-পন্থি ‘ন্যাশনালিস্ট লিগ’ পার্টির নেতা মাত্তেও সালভিনির কারণে। সালভিনির সঙ্গে বিরোধে জড়িয়েই গত ২০ অগাস্ট পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী জুজেপে কন্তে।
সালভিনি প্রধানমন্ত্রী কন্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছিলেন। তিনি তার জোটের অংশীদার ‘ফাইভ স্টার’ এর সঙ্গেও আর কাজ করতে পারবেন না বলে জানান এবং কন্তের কোয়ালিশন সরকারকে অকর্মণ্য ঘোষণা করে আগাম নির্বাচন ডাকেন।
সালভিনির এমন পদক্ষেপকে বেপরোয়া এবং দেশকে রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার সামিল বলে অভিযোগ করে কন্তে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।
ইতালিতে মাত্র ১৪ মাস আগে ন্যাশনালিস্ট লিগ আর ফাইভ-স্টার মুভমেন্ট মিলে স্বতন্ত্র প্রধানমন্ত্রী হিসাবে কন্তের নেতৃত্বে দেশ পরিচালনার জন্য একটি কোয়ালিশন সরকার গঠিত হয়। কিন্তু কন্তের সঙ্গে সালভিনির বিরোধে তা ভেঙে যায়।
আগাম নির্বাচন এড়াতে প্রয়োজন ছিল বিরোধী মধ্য-বাম দল ডেমোক্র্যাটিক পার্টির (পিডি) সঙ্গে ফাইভ-স্টার মুভমেন্টের জোট গঠন। এখন সেটিই হতে চলছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই দলের ভেতর নীতির দিক থেকে এখনো কিছু বিষয়ে মতৈক্য হওয়া বাকী।
ফাইভ-স্টার মুভমেন্ট এবং ডেমোক্র্যাটিক পার্টির (পিডি) মধ্যে বৈরিতা দীর্ঘদিনের। তবে বুধবার দুই দলই তাদের সব বৈরিতা ভুলে একজোট হতে রাজি হয়েছে। দু’দলের মধ্যে আলোচনা চলছে গত সপ্তাহ থেকে।
দল দু’টোর মধ্যে বনিবনার পথে একমাত্র বাধা হয়ে আছে কন্তেকে প্রধানমন্ত্রী পদে রাখার বিষয়টি। ফাইভ-স্টার মুভমেন্ট কন্তেকেই প্রধানমন্ত্রী হিসাবে বহাল রাখার দাবি জানাচ্ছে।
