আগুন লাগা ডুবোজাহাজটি পারমাণবিক শক্তিচালিত, জানাল রাশিয়া
তিন দিন আগে রাশিয়ার যে ডুবোজাহাজটিতে আগুন লেগে ১৪ জন নিহত হয়েছিল তা পারমাণবিক শক্তিচালিত বলে জানিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য প্রকাশ করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ডুবোজাহাজটির পারমাণবিক চুল্লি নিয়ন্ত্রণে আছে জানিয়ে পুতিনকে আশ্বস্ত করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
ক্রেমলিনে শোইগুর সঙ্গে এক বৈঠকের সময় ডুবোজাহাজটি পারমাণবিক শক্তিচালিত এটি প্রকাশ করে প্রাণঘাতী ওই অগ্নিকাণ্ডের পর এর পরিস্থিতি কী রকম আছে জানাতে চান পুতিন।
উত্তরে শোইগু বলেন, “জাহাজটির পারমাণবিক চুল্লিটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ও মানুষবিহীন অবস্থায় আছে। পুরোপুরি কার্যক্ষম ওই চুল্লিটি রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে ক্রু-রা।”
ডুবোজাহাজটির ব্যাটারি কম্পার্টমেন্ট থেকে আগুনের উৎপত্তি হয়েছিল বলে এ সময় জানান তিনি।
সোমবার অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু মঙ্গলবার রাতের আগে সরকারিভাবে এ ঘটনা প্রকাশ করা হয়নি। প্রতিবেশী নরওয়ের কর্তৃপক্ষের প্রশ্নের মুখেও ওই ডুবোজাহাজটিতে যে একটি পারমাণবিক চুল্লি আছে বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিন বলার আগে তাও প্রকাশ করা হয়নি।
ডুবোজাহাজটি আর্কটিক মহাসাগরের তলদেশের কাছে একটি জরিপের কাজে নিয়োজিত ছিল বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার কর্মকর্তারা এই অগ্নিকাণ্ডের ঘটনার বিস্তারিত চাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
