২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ফের মেয়র নির্বাচনে হারের পথে ক্ষমতাসীন দল

তুরস্কের ইস্তাম্বুলে ফের অনুষ্ঠিত মেয়র নির্বাচনের প্রাথমিক ফলে হারের পথে রয়েছে ক্ষমতাসীন পার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2019, 11:29 PM

Updated : 08 Apr 2022, 04:20 PM

রোববার প্রায় ৯৫ শতাংশ ভোট গণনার ফলে দেখা গেছে, প্রধান বিরোধীদলীয় প্রার্থী ইকরাম ইমামোগলু পেয়েছেন ৫৩ দশমিক ৬ শতাংশ ভোট।। আর তার প্রতিপক্ষ প্রার্থী পেয়েছেন ৪৫ দশমিক ৪ শতাংশ ভোট। রাষ্ট্রপরিচালিত আনাদলু বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

গত ৩১ মার্চে ইস্তাম্বুলে অনুষ্ঠিত মেয়র নির্বাচনেও বিরোধীদল ‘রিপাবলিকান পিপলস পার্টি’র (সিএইচপি) প্রার্থী ইমামোগলু বিস্ময়করভাবে জয়লাভ করেছিলেন। পরাজিত হয়েছিলেন প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের একে পার্টির (একেপি) প্রার্থী। এরদোয়ানের দলের এমন হার বিরল।

ফলে কয়েকসপ্তাহ পর একেপি’র আবেদনে মে মাসে তুরস্কের হাই ইলেকশন বোর্ড অনিয়মের অভিযোগে ওই নির্বাচনের ফল বাতিল ঘোষণা করে আবারও ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। ফলে এবার দ্বিতীয় দফায় এ ভোটগ্রহণ হল।

প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য অগ্নিপরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে এ নির্বাচনকে। স্থানীয় সময় ভোর ৫ টা থেকেই খুলে দেওয়া হয় ভোটকেন্দ্র। ইস্তাম্বুলের বাসিন্দাদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখা যায়। ইস্তাম্বুলের দেড় কোটিরও বেশি ভোটার ভোটে অংশ নিয়েছে।

মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে প্রেসিডেন্ট এরদোয়ানের দল একে পার্টির বিনালি ইলদিরিম এবং রিপাবলিকান পিপলস পার্টির ইকরাম ইমামোগলুর মধ্যে।

বিনালি ইলদিরিম এরই মধ্যে নির্বাচনে হার স্বীকার করে নিয়েছেন এবং ইমামোগলুকে অভিনন্দন জানিয়েছেন।

ওদিকে, ইমামোগলু বলেছেন, “নগরীর জন্য এক নবসূচনা হল। ইস্তাম্বুলে আমরা এক নতুন অধ্যায় শুরু করছি। এ অধ্যায় হবে ন্যায়বিচার, সমতা আর ভালবাসায় পরিপূর্ণ।