আসিয়ানে অর্থনীতির ওপর জোর, রোহিঙ্গা নিয়ে আলোচনার আশা
চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যে ব্যাংককে ‘অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স’ (আসিয়ান) সম্মেলনে নেতারা নিজ নিজ অবস্থান পোক্ত করতে আঞ্চলিক অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে একযোগে কাজ করে যেতে সম্মত হয়েছেন।
রোববার সম্মেলনের দ্বিতীয় দিনে তারা অর্থনৈতিক শক্তির ওপর এ জোর দেওয়ার পাশাপাশি মিয়ানমারের রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বিরোধ সমাধানের পথ খুঁজবেন বলে আশা করা হচ্ছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসিয়ানের ৩৪তম সম্মেলন চলছে। আসিয়ান ভূক্ত ১০ দেশের নেতারা শনিবার এক যৌথ বিবৃতিতে সমুদ্রে প্লাস্টিক বর্জ্যের দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন।
এবারের আসিয়ান সম্মেলন শুরুর আগে বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের প্রত্যাবাসন পরিকল্পনা সমর্থন নিয়ে পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে সেনা অভিযান শুরু হলে প্রাণ বাঁচাতে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা মুসলমান প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হলেও নানা কারণে তা কার্যকর হচ্ছে না।
সন্ত্রাস দমনের নামে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাদের অভিযানকে ‘জাতিগত নিধন’ বলে বর্ণনা করেছে জাতিসংঘ। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ শনিবার এক টুইটে রাখাইনে নিপীড়ন ও গণহত্যা চালানোর পেছনে দায়ী সেনা কর্মকর্তাদের ‘বিচারের আওতায়’ আনার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে ইন্দোনেশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মার্টি নাতালেগাওয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সম্পদ ভাগাভাগিতে ‘ওয়ান কেয়ারিং অ্যান্ড শেয়ারিং কমিউনিটি’ স্লোগনে আসিয়ানের যাত্রা শুরু হয়।
“আসিয়ান নেতারা নিজেদের এ কথা রাখতে সক্ষম হবেন কিনা তার বড় পরীক্ষা হচ্ছে রোহিঙ্গা সংকট।”
এবারের সম্মেলনের সভাপতি হিসেবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা উদ্বোধনী অনুষ্ঠানে বাকি নেতাদের শপথ করান।
তিনি বলেন, “আমি এ কক্ষে উপস্থিত সবাইকে হাতে হাত রেখে আসিয়ান সম্প্রদায়ের মূল্যবোধের প্রতিষ্ঠায় সামনে অগ্রসর হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। যেখানে সবাই এক হবেন এবং কেউ পিছিয়ে থাকবেন না।”
২০১৪ সালে সেনা অভ্যূত্থানের মাধ্যমে থাইল্যান্ডের ক্ষমতায় আসেন প্রায়ুথ। গত মার্চে সাধারণ নির্বাচনে জয়লাভ করে তিনি দেশটির গণতান্ত্রিক নেতা হিসেবে পুনরায় ক্ষমতায় বসেন। যদিও দেশটির বিরোধী দলগুলোর দাবি, প্রায়ুথের সেনা সমর্থিত দলকে জেতানোর মঞ্চ আগেই তৈরি করা ছিল।
রোহিঙ্গা ইস্যু ছাড়াও আসিয়ান সম্মেলনে দক্ষিণ চীন সাগরের মালিকানার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
বিশ্বের ব্যস্ততম পানিপথগুলোর অন্যতম এই দক্ষিণ চীন সাগর নিয়ে আসিয়ান সদস্য ফিলিপিন্স, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই ও ইন্দোনেশিয়ার মধ্যে বিরোধ রয়েছে। এছাড়া, চীন এবং তাইওয়ানও দক্ষিণ চীন সাগরের মালিকানার অন্যতম দাবিদার।
এ বিষয়ে সম্মেলনে কোনো সামাধান পাওয়ার আশা নেই বলেই মত বিশেষজ্ঞদের।
সাবেক থাই পররাষ্ট্রমন্ত্রী কানতাথি সুফামংখং বলেন, “আশা করি আচরণ বিধি নিয়ে আলোচনা হচ্ছে। যদি তা না হয় তবে আমরা আবার প্রথম থেকে শুরু করব।”
