সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে বোমা বিস্ফোরণে নিহত ১০
তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় একটি শহরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
রোববার রাতে তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আজাজ শহরে এ হামলার ঘটনা ঘটে বলে উদ্ধার কর্মী ও চিকিৎসা কর্মীদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত কয়েক মাসে আজাজ শহরে চালানো এ ধরনের হামলাগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা। শহরটির একটি মার্কেটের সামনে গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
রমজান মাসের প্রায় শেষ দিকের এ দিনটিতে ইফতারের পর রাতের ওই সময়টিতে মার্কেটটিতে অনেক লোকজন ছিল। তখনই বিস্ফোরণটি ঘটনো হয়।
নিজেদের নিয়ন্ত্রিত এলাকাগুলো হাতছাড়া হওয়ার পর থেকে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী ও কুর্দি নেতৃত্বাধীন বাহিনীগুলোর অধিকৃত এলাকাগুলোতে একের পর এক বোমা হামলা চালিয়ে যাচ্ছে।
একই দিন আজাজ শহরের পাশাপাশি ওই অঞ্চলের আরও কয়েকটি শহরে ধারাবাহিক বোমা হামলা চালানো হয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।
